প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৮ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৯ পিএম
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে লণ্ডভণ্ড অকল্যান্ডের চিত্র। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডে গত রবিবার (১২ ফেব্রুয়ারি) আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।
ঘূর্ণিঝড়টি আঘাত হানার ৭ দিন পর সেখানে এখনও ৬ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে রবিবার (১৯ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছে।
নিউজিল্যান্ড সরকার এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিল। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে, যেখানে বড় শহরগুলো অবস্থিত এবং ৫০ লাখ জনসংখ্যার এক-তৃতীয়াংশ বাস করে।
ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) উত্তর দ্বীপ থেকে দূরে সরে যায় বলে জানা গেছে।
নদীর বাঁধ ফেটে যাওয়ার পর কেউ কেউ তাদের বাড়ি থেকে নিরাপদে সাঁতার কেটে বের হতে বাধ্য হয়েছে। অন্যদের ছাদ থেকে উদ্ধার করা হয়েছে।
এ দুর্যোগে প্রায় সোয়া কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। গাছ পড়ে ঘরবাড়ি ভেঙে গেছে এবং রাস্তা অবরুদ্ধ রয়েছে।
দেশটির জরুরি ব্যবস্থাপনামন্ত্রী কিয়েরান ম্যাকআনাল্টি ঝড়টিকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেন।
নিউজিল্যান্ড সরকার জলবায়ু পরিবর্তনকে ওই দুর্যোগের জন্য দায়ী করেছে।
জলবায়ু পরিবর্তনমন্ত্রী জেমস শ বলেছেন, ‘অবশ্যই এর তীব্রতা আরও বেড়েছে। কারণ, আমাদের বৈশ্বিক তাপমাত্রা ইতোমধ্যে ১ দশমিক ১ ডিগ্রি বেড়েছে। নিষ্ক্রিয়তার জন্য অজুহাত তৈরি বন্ধ করে আমাদের এখনই কাজ করতে হবে।’
সূত্র : সিএনবিসি