প্রবা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২২ ১৬:২৫ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২২ ১৬:৫৪ পিএম
ছবি; এনডিটিভি।
ভারতের রাজধানী দিল্লিতে গত বছর প্রতিদিন গড়ে দু'জন নাবালিকা মেয়ে ধর্ষণের শিকার হয় বলে জানিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)। যে কারণে এ শহরকে সারা দেশে নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ শহর হিসেবে বিবেচনা করা হয়।
এনসিআরবির সর্বশেষ প্রতিবেদন অনুসারে এনডিটিভি জানিয়েছে, দিল্লিতে ২০২১ সালে নারীদের প্রতি সহিংসতার ঘটনায় ১৩ হাজার ৮৯২ টি মামলা নথিবদ্ধ করা হয়। ঠিক এক বছর আগে, ২০২০ সালে এ সংখ্যা ছিলো ৯ হাজার ৭৮২। যা পরের বছরেই এক লাফে ৪০ শতাংশেরও বেশি বেড়ে যায়।
এনসিআরবি'র তথ্য অনুসারে, ১৯ টি মেট্রোপলিটন শহরে সংঘটিত এ ধরনের মামলার মোট ৩২ দশমিক ২০ শতাংশ নথিবদ্ধ করা হয় দিল্লিতে।
নারীদের প্রতি সহিংসতার ঘটনায় দিল্লির পরে আছে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই। সেখানে এ ধরনের ঘটনায় পাঁচ হাজার ৫৪৩টি মামলা রেকর্ড করা হয়। তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। যেখানে তিন হাজার ১২৭ টি মামলা রেকর্ড করা হয়।
১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে মুম্বাইয়ে এ ধরনের ১২ দশমিক ৭৬ শতাংশ এবং বেঙ্গালুরুতে সাত দশমিক দুই শতাংশ মামলা লিপিবদ্ধ করা হয়।
২০২১ সালে নারীর প্রতি সহিংসতার কিছু ক্যাটাগরি যেমন, অপহরণ (৩৯৪৮), স্বামীর দ্বারা নির্যাতন (৪৬৭৪) এবং মেয়েশিশু ধর্ষণের (৮৩৩) মতো ঘটনায় অন্যান্য মহানগরের তুলনায় শীর্ষে রয়েছে দিল্লি।
প্রকাশিত তথ্য মতে, ২০২১ সালে প্রতিদিন গড়ে দুইজন মেয়ে ধর্ষণের শিকার হয়। দিল্লিতে ২০২১ সালে নারীদের প্রতি সহিংসতার ঘটনায় ১৩ হাজার ৮৯২ টি মামলা নথিবদ্ধ করা হয়। যেখানে মোট ১৯টি মহানগরেই মোট মামলার সংখ্যা ৪৩ হাজার ৪১৪ টি।
এ ছাড়া ২০২১ সালে রাজধানীতে ১৩৬টি যৌতুকের জন্য মৃত্যুর মামলা লিপিবদ্ধ করা হয়। যা পুরো ১৯টি মেট্রোপলিটন শহরে সংঘটিত এরকম মোট মৃত্যুর ৩৬ দশমিক ২৬ শতাংশ। পুরো মেট্রোপলিটনের নারীদের অবরুদ্ধ ও অপহরণের ঘটনায় আট হাজার ৬৬৪টি মামলার মধ্যে দিল্লিতেই নথিভূক্ত করা হয় তিন হাজার ৯৪৮টি।
দিল্লিতে গত বছর নারীদের শ্লীলতাহানির উদ্দেশে নিপীড়নের ঘটনায় দুই হাজার ২২টি মামলা নথিভূক্ত করা হয়। ২০২১ সালে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনের (শুধুমাত্র মেয়ে শিশু নির্যাতনের শিকার) অধীনে এক হাজার ৩৫৭টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে এনসিআরবি।
এর তথ্য অনুসারে, ২০২১ সালে মেট্রোপলিটন শহরগুলোর মধ্যে সর্বাধিক ৮৩৩টি মেয়ে শিশু ধর্ষণের ঘটনা নথিভূক্ত করা হয়।
প্রবা/এনএস