প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১০ এএম
চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন (ফাইল ফটো)
ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার প্রতি ‘মারাত্মক সমর্থন’ প্রদানের বিষয়ে চীনকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে আলোচনার সময় কথিত চীনা গুপ্তচর বেলুনের যুক্তরাষ্ট্রের আকাশসীমা লঙ্ঘনের নিন্দাও করেছেন তিনি।
যুক্তরাষ্ট্র সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন ভূপাতিত করা নিয়ে চলমান বিরোধের মধ্যে জার্মানির মিউনিখের নিরাপত্তা সম্মেলনের ফাঁকে গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) এই দুই সিনিয়র কর্মকর্তার বৈঠক হয়।
ওয়াশিংটন বলেছে, চীন যুক্তরাষ্ট্রের আকাশে একটি গুপ্তচর বেলুন উড়েছিল বলে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। বিরোধটি এমন একটি সময়ে শুরু হয়েছে, যখন পশ্চিমারা ইউক্রেন যুদ্ধে বেইজিংয়ের প্রতিক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
এনবিসি নিউজে রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রচারিত একটি সাক্ষাত্কারে ব্লিঙ্কেন বলেন, ‘চীন, রাশিয়াকে প্রাণঘাতী সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন। আমি ওয়াংকে স্পষ্ট করে বলেছি, যদি বেইজিং ওই সহায়তা অব্যহত রাখে তবে, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের গুরুতর পরিণতি হবে।’
তিনি আরও বলেন, ‘এখানে বিভিন্ন ধরণের প্রাণঘাতী সহায়তা রয়েছে। ওয়াশিংটন শীঘ্রই ওই সহায়তার বিশদ তালিকা প্রকাশ করবে।’
উল্লেখ্য, রাশিয়া এবং চীন গত ফেব্রুয়ারিতে রাশিয়ার বাহিনী ইউক্রেন আক্রমণ করার কিছুক্ষণ আগে একটি অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করে এবং চীন এখনও পর্যন্ত ওই যুদ্ধের নিন্দা করা বা একে ‘আক্রমণ’ বলা থেকে বিরত রয়েছে।
সূত্র : বিবিসি