প্রবা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২২ ১৪:৪৭ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২২ ১৫:১৯ পিএম
ছবি : আলজাজিরা।
তাইওয়ানে ১১০ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের অনুমোদন চাইবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে রয়েছে ৬০টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ১০০টি ক্ষেপণাস্ত্র।
সংবাদমাধ্যম পলিটিকোর বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
এখনও প্রাথমিক পর্যায়ে থাকা এ প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে- ৩৫ কোটি ৫০ লাখ মূল্যের ৬০টি এজিএম-৮৪এল হারপুন ব্লক টু ক্ষেপণাস্ত্র, আট কোটি ৫৬ লাখ ডলারের ১০০টি এআইএম-৯এক্স ব্লক টু সাইডউইন্ডার ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র । এছাড়া রাডার চুক্তি সম্প্রসারণ নজরদারির জন্য ৬৫ কোটি ৫৪ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন এ বিষয়ে অবগত তিনজন ব্যক্তি।
সাইডউইন্ডার ক্ষেপণাস্ত্রগুলো তাইপেইয়ে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমানকে অস্ত্র দিতে ব্যবহার করা হবে।
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। তবে চীনের এ দাবি অস্বীকার করে নিজেদের স্বাধীন মনে করে দ্বীপরাষ্ট্রটি। অন্যদিকে এ দ্বীপরাষ্ট্রটিকে নিজেদের প্রতিরক্ষার জন্য সব ধরনের সহায়তা করতে আইনত বাধ্য যুক্তরাষ্ট্র।
দ্বীপরাষ্ট্রটিকে ঘিরে বেইজিংয়ের চলমান উত্তেজনার মধ্যে এ অস্ত্র বিক্রির অনুমোদন চাওয়ার ঘোষণা দিলেন বাইডেন।
এর আগে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার সফরের প্রতিক্রিয়ার কড়া হুঁশিয়ারির পাশাপাশি তাইপের জল, স্থল ও আকাশ সীমায় সামরিক মহড়া শুরু করে বেইজিং।
অন্যদিকে ওয়াশিংটনও রবিবার তাইওয়ান প্রণালিতে তাদের দুটি রণতরী প্রেরণ করে।
বাইডেন প্রশাসন বিজ্ঞপ্তিটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করলে চুক্তিটি বাস্তবায়নের জন্য কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটিগুলোর অনুমোদনের প্রয়োজন হবে। পলিটিকো জানিয়েছে, আইনপ্রণেতারা চুক্তিটি অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে।
প্রবা/এনএস /এসআর