প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৬ এএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩১ এএম
ছবি: সংগৃহীত
তুরস্কের হাতায় শহরে উদ্ধারকর্মীরা ১২ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করেছেন। ওই ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে ২৭৮ ঘণ্টা আটকা পড়ে ছিলেন।
সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতায়ে ভূমিকম্পের ২৭৮ ঘণ্টা পর শুক্রবার উদ্ধার হন হাকান ইয়াসিনোগ্লু নামের ওই ব্যক্তি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধারকারীরা একটি সমতল ভবনের ধ্বংসাবশেষ থেকে লোকটিকে বের করে সাবধানে স্ট্রেচারে নিয়ে যাচ্ছে। লোকটির মুখ দেখা না গেলেও একটি সোনালি রঙের জ্যাকেট পরা ছিলেন। এরপর তাকে দ্রুত একটি অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার রাতের শেষের দিকে এবং শুক্রবারের প্রথম দিকে আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৪ বছর বয়সি এক কিশোরও রয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
দুই দেশেই উদ্ধারকর্মীরা হিমশীতল আবহওয়ায় ১২ দিন ধরে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে খুব কম সংখ্যক লোককেই জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে। কিছু কিছু এলাকায় ২৪ ঘণ্টাই উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: আলজাজিরা, এনডিটিভি