প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৯ এএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২১ পিএম
লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে বিশ্ব ভালোবাসা দিবসে (ভ্যালেন্টাইন’স ডে) হাজারো যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সংগৃহীত ফটো
লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে বিশ্ব ভালোবাসা দিবসে (ভ্যালেন্টাইন’স ডে) হাজারো যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মেক্সিকো রাজ্যে এ গণবিবাহের আয়োজন করা হয়। এক পৌর কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
এদিন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সারাই ভার্গাস বলেন, ‘তারিখটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ ১৪ ফেব্রুয়ারি আমাদের দেখা হয়েছিল। মেক্সিকোতে মাত্র তিন মাস আগে সমকামী বিয়ের অনুমোদন দেওয়া হয়। এ কারণে আমরা খুশি। তাই এ বছরেই আমরা বিয়ে করার সিদ্ধান্ত নেই।’
ওই পৌর কর্মকর্তা বলেন, মঙ্গলবার প্রায় ১ হাজার যুগলের বিয়ে হয়েছে, তার মধ্যে ৩৫টি সমকামী বিয়েও ছিল।
রাজধানী মেক্সিকো সিটির উপকণ্ঠে মেক্সিকো রাজ্যটির অবস্থান। এটি মেক্সিকোর ৩২ রাজ্যের মধ্যে সবচেয়ে জনবহুল। গত অক্টোবরে মেক্সিকো রাজ্যও সমলিঙ্গের বিয়ের অনুমোদন দেওয়া হয়। মেক্সিকোতে সমকামী বিয়ের অনুমোদন দেওয়া সবশেষ রাজ্য এটি। এর মধ্য দিয়ে পুরো মেক্সিকোতেই সমকামী বিয়ে বৈধতা পায়।
সূত্র : এনডিটিভি