প্রবা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২২ ১২:০৮ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২২ ২৩:৫৯ পিএম
ফাইল ফটো
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। ভোট গ্রহণের দুদিন পর ১৯ অক্টোবর ভোট গণনা করা হবে বলে জানিয়েছে কংগ্রেসের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি)।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানায়।
সিডব্লিউসি আরও জানিয়েছে, নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। কংগ্রেসের বর্তমান সভাপতি সোনিয়া গান্ধী ভার্চুয়ালি যুক্ত ছিলেন বৈঠকে।
কংগ্রেসের নেতৃস্থানীয় ভিন্নমতাবলম্বী জি-২৩ বা ২৩ গ্রুপের সদস্য ও অন্যতম শীর্ষ নেতা গুলাম নবী আজাদের দলটি থেকে পদত্যাগের একদিন পরই এমন সিদ্ধান্ত নেয় কংগ্রেস।
কমিটি জানায়, আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচনের বিজ্ঞপ্তি দেওয়া হবে। প্রার্থীরা ৮ অক্টোবরের মধ্যে তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।
কংগ্রেস ওয়ার্কিং কমিটি জানিয়েছে, ৪ সেপ্টেম্বর দিল্লিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ আয়োজন করা হবে। এ ছাড়া ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে দেশজুড়ে পদযাত্রা করা হবে।
এর আগে কংগ্রেস গত বছরের অক্টোবরে ঘোষণা করেছিল, চলতি বছরের ২১ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নতুন দলের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রবা/এনএস /এসআর