প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৯ পিএম
ছবি: সংগৃহীত
তুরস্কের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত অবস্থায় বের করে এনেছে উদ্ধারকারীরা। শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পর সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে সম্প্রচার মাধ্যম সিএনএন তুর্ক।
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে।
তুরস্কের দক্ষিণ গাজিয়ানতেপ প্রদেশে সিবেল কেয়া নামে ৪০ বছর বয়সি নারীকে ১৭০ ঘণ্টা পর উদ্ধার করা হয়।
তুরস্কের জরুরি সমন্বয় কেন্দ্র এসএকেওএম জানিয়েছে, তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোয় নিহতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৬০৫ হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন। নিচে আটকা পড়েছে মানুষ। তাদের মধ্যে স্বল্পসংখ্যককেই জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এখনও কিছু জীবিত মানুষ উদ্ধার করা যাচ্ছে। তবে বহুলোক এখনও নিখোঁজ রয়েছেন, যাদের জীবিত ফিরে পাওয়ার আশা ম্লান হয়ে আসছে।
সর্বশেষ ধ্বংসস্তূপের নিচ থেকে ১৪৭ ঘণ্টা পর ১০ বছর বয়সি এক মেয়েকে উদ্ধার করেছেন তুরস্কের কর্মীরা। সূত্র: রয়টার্স