প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৭ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৩ পিএম
রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে মানুষ আশ্রয় নিয়েছে মেট্রো স্টেশনে। ১০ ফেব্রুয়ারি কিয়েভে। ছবি : সংগৃহীত
রাশিয়া শুক্রবার সকাল থেকে ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের অন্তত দুটি মালদোভার আকাশসীমা পাড়ি দিয়ে ইউক্রেনে বিধ্বস্ত হয়েছে। তবে, রাশিয়ার ছোড়া ৭১টি ক্ষেপণাস্ত্রের ৬১টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন।
কৃষ্ণ সাগরে রুশ নৌবহর থেকে ছোড়া অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিজেদের আকাশসীমা পাড়ি দেওয়ার ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে মালদোভা। একই ধরনের ঘটনা গত অক্টোবরেও ঘটেছিল বলে উল্লেখ করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।
এদিকে ইউক্রেনের এক শীর্ষ সামরিক কর্মকর্তা রোমানিয়ার ওপর দিয়েও রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে আঘাত হেনেছে বলে দাবি করেছেন। কিন্তু তা অস্বীকার করেছে ন্যাটোর সদস্য দেশটি।
নিজেদের ক্ষেপণাস্ত্র মালদোভা ও রোমানিয়ার আকাশসীমা পাড়ি দেওয়ার বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি পুতিনের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) নিয়মিত সংবাদ সম্মেলনে পেসকভ বলেন, ’এটা নিয়ে মন্তব্য করা আমার এখতিয়ারে পড়ে না। প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি স্পষ্ট করতে পারবে।’
শুক্রবার সকাল থেকে অন্তত তিন দফায় রাশিয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইউক্রেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য ও বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর নতুন রুশ হামলার মুখে পড়ল দেশটি।
শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভ, উত্তর-পূর্বাঞ্চলের শহর খারকিভ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর জাপোরিঝিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এসব হামলায় অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
হামলার আলামত বুঝতে পেরে সকাল থেকে ইউক্রেনের সর্বত্র দফায় দফায় সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। মানুষ আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী মেট্রো স্টেশনে।
অন্যদিকে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় খারকিভের অন্তত দেড় লাখ ঘরবাড়ি বিদ্যুৎ-শূন্য হয়ে পড়েছে।
চলতি মাসের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার এক বছর পূর্ণ হবে। এ উপলক্ষে রাশিয়া বড় ধরনের হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে চলতি শীত মৌসুম শেষ হওয়ার আগেই রাশিয়া রণকৌশলে বড় ধরনের পরিবর্তন এনে ব্যাপক হামলা শুরু করতে পারে, বিশেষজ্ঞদের একটা অংশ এমনটাই মনে করেন।
সূত্র : বিবিসি।