প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৮ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৫ পিএম
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমস।
যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে থাকা সন্দেহজনক চীনা নজরদারি বেলুনটি গোয়েন্দা তথ্য সংগ্রহে সক্ষম বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
স্টেট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমস এক ব্রিফিংয়ে বলেছেন, বেলুনটিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরবরাহে সক্ষম একাধিক অ্যান্টেনা ছিল।
গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা ওই বেলুনের জন্য চীনের প্রতি নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে। ডগলাস সিমস বলেন, উচ্চ রেজোলিউশনের ছবিগুলোতে প্রকাশ পেয়েছে যে, বেলুনটি প্রায় ২০০ ফুট লম্বা ছিল। এতে ‘মাল্টিপল অ্যাক্টিভ ইন্টেলিজেন্স কালেকশন সেন্সর’ পরিচালনা করতে সক্ষম বড় সৌর প্যানেল এবং অ্যান্টেনা ছিল।
তিনি আরও বলেন, ওই বেলুন উড্ডয়নে চীন সরকারের সঙ্গে যুক্ত গ্রুপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সিভিল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক গ্রেগরি ফ্যালকো বলেছেন, ‘অ্যান্টেনার ধরনগুলো নজরদারি প্রযুক্তির এবং এটি এমন কিছু নয়, যা আপনি কোনো ধরনের বৈজ্ঞানিক মিশনের জন্য আশা করতে পারেন। এটি উদ্বেগজনক।’
বিশেষজ্ঞ ম্যাট ক্রোয়েনিগ বলেছেন, চীনের ওই বেলুন ঠিক কী ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছে, তা এখনই বলা সম্ভব নয়। তবে যে সামরিক ঘাঁটিগুলোর ওপর দিয়ে উড়েছিল, এটি সেখানকার রেডিও, সেলফোন এবং অন্যান্য যোগাযোগ বাধাগ্রস্ত করতে পারত।
এফবিআই বলেছে, বেলুনের বেশিরভাগ পেলোডের মধ্যে সম্ভবত নজরদারি গিয়ার এবং তদন্তকারীদের আগ্রহের অন্যান্য আইটেম দক্ষিণ ক্যারোলিনা উপকূলে পানির নিচে রয়ে গেছে। কর্মকর্তারা বলেছেন যে, ধ্বংসাবশেষ উদ্ধার খারাপ আবহাওয়ার কারণে দীর্ঘসময় ধরে হতে পারে।
তবে, বেলুনটি গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে ব্যবহার করার যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছে চীন। তারা বলেছে যে, বেলুনটি আবহাওয়া সংক্রান্ত গবেষণার জন্য উড়ানো হয়েছিল। সেটি পথ ভুল করে যুক্তরাষ্ট্রের আকাশে ঢুকে পড়েছিল।
যুক্তরাষ্ট্র অবশ্য বিশ্বাস করে যে, বেলুনটি নজরদারি বেলুনের একটি বিস্তৃত বহরের অংশ যা, পাঁচটি মহাদেশজুড়ে রয়েছে। হাউস অব রিপ্রেজেন্টেটিভের আইন প্রণেতারা বেলুনটিকে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের আকাশে ওই চীনা বেলুনের উপস্থিতি দুই দেশের কূটনৈতিক সংকটকে উসকে দিয়েছে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চীন সফর বাতিল করেছেন। ব্লিঙ্কেনের চীন সফরের মধ্য দিয়ে কয়েক বছরের মধ্যে সেখানে প্রথম উচ্চপর্যায়ের মার্কিন-চীন বৈঠক হওয়ার কথা ছিল।
চীন গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জানিয়েছে, তারা বেলুনগুলোর বিস্তৃত বহর সম্পর্কে অবগত নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, দাবিটি সম্ভবত চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে মিথ্যা তথ্য ও জনমত যুদ্ধ চালাচ্ছে তার অংশ।
তিনি আরও বলেন, ওই মন্তব্যগুলো ছিল অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং মৌলিক কূটনৈতিক প্রটোকলের লঙ্ঘন।’
সূত্র : বিবিসি