প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৬ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৯ পিএম
ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ
ইউক্রেনে বড়সড় আক্রমণ চালাতে পারে রাশিয়া! এমন আশঙ্কার মধ্যেই দুর্নীতির অভিযোগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভলোদিমির জেলেনস্কি সরকার।
গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর রুশ আগ্রাসন শুরুর কয়েক মাস আগেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন ওলেক্সি রেজনিকভ।
তাকে সরিয়ে ওই পদে বসানো হচ্ছে ইউক্রেনের সামরিক গোয়েন্দাপ্রধান ৩৭ বছর বয়সি কিরিলো বুদানভকে।
সম্প্রতি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়েরর ওপর একাধিক কেলেঙ্কারির অভিযোগ উঠছে। সে কারণেই ওলেক্সিকে পদ থেকে সরিয়ে কিরিলোকে নতুন প্রতিরক্ষামন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেন সরকারের অন্যতম মুখপাত্র ডেভিড আরাখামিয়া বলেন, ‘এখন থেকে কিরিলো প্রতিরক্ষা মন্ত্রণালয়েরর দায়ভার সামলাবেন; যা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে খুবই যুক্তিযুক্ত।’
৫৬ বছর বয়সি ওলেক্সি এখন থেকে কৌশলগত শিল্পমন্ত্রীর পদ সামলাবেন বলেও জানিয়েছেন তিনি।
ডেভিডের ভাষ্যমতে, ‘সময় এবং পরিস্থিতির জন্য শক্তিবৃদ্ধি এবং পুনর্গঠন প্রয়োজন। পরিস্থিতি বুঝে ভবিষ্যতেও এভাবে মন্ত্রিত্বের রদবদল ঘটতে পারে। শত্রুরা অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরা নিজেদের রক্ষা করার প্রস্তুতি নিচ্ছি।’
অন্যদিকে ওলেক্সির দাবি, তাকে কৌশলগত শিল্পমন্ত্রী হিসেবে নিয়োগ করার বিষয়ে কিছু বলা হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমি এ নিয়ে কিছু বলতে পারব না। আমার কাছে এ রকম কোনো তথ্য নেই। প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে আমার কোনো কথা হয়নি।’
তার মন্ত্রণালয়েরর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ওলেক্সি বলেন, ‘আমি যে মানসিক চাপ সহ্য করেছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি কিছুতেই লজ্জিত নই। আমার বিবেক পরিষ্কার।’
গত বছর প্রতিরক্ষা মন্ত্রণালয়েরর বিরুদ্ধে মৌলিক খাদ্যসামগ্রীর জন্য বর্তমান দামের চেয়ে দু-তিন গুণ বেশি দামে খাদ্য চুক্তি স্বাক্ষর করার অভিযোগ আনা হয়েছিল।
এর পর থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাকে পদ থেকে সরিয়েছে জেলেনস্কি সরকার।
সূত্র : আলজাজিরা