× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমার জান্তাকে শান্তি পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান আসিয়ানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫০ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৮ পিএম

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রত্ন মার্সুদি। জাকার্তায় ৪ ফেব্রুয়ারি। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রত্ন মার্সুদি। জাকার্তায় ৪ ফেব্রুয়ারি। ছবি : সংগৃহীত

মিয়ানমার জান্তা সরকারকে নিজেদের দেওয়া পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দক্ষিণ-এশীয় জাতিপুঞ্জের জোট (আসিয়ান)। জোটটির পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনের বৈঠক শেষে শনিবার এ আহ্বান জানানো হয়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্র ও শনিবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়।  

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর উদ্ভূত রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে মিয়ানমার জান্তাকে ওই বছরের এপ্রিলে পাঁচ দফা দেয় আসিয়ান। জোটটির সদস্য হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো দফা বাস্তবায়ন করেনি দেশটির সামরিক সরকার। 

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রত্ন মার্সুদি শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে জাকার্তায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানের জন্য ২০২১ সালে সব সদস্য দেশের সম্মতির ভিত্তিতেই ওই পাঁচ দফা প্রস্তাব করা হয়। এটা বাস্তবায়ন করা না গেলে, আসিয়ানের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে।’ 

‘দুদিনের বৈঠকে উপস্থিত সব প্রতিনিধি একমত হন, মিয়ানমারকে এই পাঁচ দফা বাস্তবায়নের জন্য ফের আহ্বান জানাতে হবে। এটা আমাদের ঐক্যের প্রকাশ।’

ইন্দোনেশিয়া আসিয়ানের বর্তমান চেয়ার। চলতি বছরের শেষে দেশটি জোটটির পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজন করবে। 

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, সামরিক অভ্যুত্থানের পর আসিয়ানের গত দুটি শীর্ষ সম্মেলনে মিয়ানমার জান্তার কোনো প্রতিনিধিকে আহ্বান জানানো হয়নি। আসিয়ানের অভিযোগ, জান্তা সরকার কোনো ধরনের সহযোগিতা করছে না।

২০২০ সালে সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয় পায় অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ আনে সেনাবাহিনী। 

এ অবস্থায় নতুন সরকারের শপথ গ্রহণের দিন ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ভোরে সু চি ও তার দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। জারি করা হয় জরুরি অবস্থা। 

অভ্যুত্থানের পরপরই সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। শুরু থেকে নির্মম হাতে বিক্ষোভ দমন করে জান্তার নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দুই বছরে ২ হাজার ৯৫১ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) নামক একটি প্ল্যাটফর্মের সর্বশেষ হালনাগাদে। 

ইতোমধ্যে জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার (নাগ) গঠন করা হয়েছে। নাগের রয়েছে গণপ্রতিরক্ষা বাহিনী (পিডিএফ)। পিডিএফের সঙ্গে জান্তার বাহিনীদের নিয়মিত সংঘাত হচ্ছে। 

গত ১ ফেব্রুয়ারি দুবছরের জরুরি অবস্থা শেষ। ওইদিন ফের জরুরি অবস্থা ছয় মাস বাড়ানোর ঘোষণা দেয় জান্তা। 

সূত্র : এএফপি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা