প্রবা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২২ ১৭:৫৮ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২২ ১৮:০৫ পিএম
ছবি : এনডিটিভি।
ইউক্রেন প্রশ্নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে প্রথমবার ভোট দিয়েছে ভারত।
এনডিটিভি জানিয়েছে, বুধবার অনুষ্ঠিত হওয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনের অংশগ্রহণের প্রশ্নে এর পক্ষে ভোট দেয় নয়াদিল্লি।
ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর ছয় মাসের মধ্যে মিত্র রাষ্ট্রের সঙ্গে এটিই ভারতের প্রথম বিরোধিতা।
এ অভিযান শুরু পর থেকে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি ধারাবাহিকভাবে এর নিন্দা জানিয়ে আসছে। কিন্তু মিত্র রাষ্ট্র হিসেবে এসব থেকে বিরত থাকে ভারত।
বুধবার (২৪ আগস্ট) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নিরাপত্তা পরিষদের ১৫ রাষ্ট্র অংশগ্রহণ করে, যার অস্থায়ী সদস্য ভারত।
বৈঠক শুরু হওয়ার সাথে সাথে, জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি এ নেবেনজিয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অংশগ্রহণের বিষয়ে একটি পদ্ধতিগত ভোটের অনুরোধ করেন।
এ সময় ভারতসহ ১৩টি রাষ্ট্র জেলেনস্কির অংশগ্রহণের পক্ষে ভোট দেয়। মস্কো বিপক্ষে ভোট দেয় এবং বেইজিং বরাবরের মতো ভোট দেওয়া থেকে বিরত থাকে।
ভ্যাসিলি বলেন, মস্কো বৈঠকে জেলেনস্কির অংশগ্রহণের বিরোধিতা করে না। তবে তা ভিডিও কনফারেন্সের মাধ্যমে না হয়ে সরাসরি হওয়া উচিত বলে জানান তিনি।
তবে জাতিসংঘে আলবেনিয়ার রাষ্ট্রদূত ফেরিট হোক্সা এর বিরোধিতা করেন। তিনি বলেন, ইউক্রেন এখন যুদ্ধরত অবস্থায় রয়েছে। এ সময় দেশটির তাদের নেতাকে প্রয়োজন। তাই তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমেই জেলেনস্কির অংশগ্রহণকে সমর্থন করেন।
ভোট পক্ষে যাওয়ায় বৈঠকে অংশ নিয়ে ভাষণ দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ভাষণে তিনি বলেন, ইউক্রেন সংঘাতের জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে। ইউক্রেনের সীমানায় নির্ধারিত হবে পৃথিবীর ভবিষ্যৎ। আমাদের স্বাধীনতাই আপনাদের সুরক্ষা।
তিনি আরও বলেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে যুদ্ধক্ষেত্রে পরিণত করে মস্কো পুরো পৃথিবীকে পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। রুশ বাহিনীকে এ কেন্দ্র ছেড়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এ বৈঠকে ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, গ্যাবন, ঘানা, মেক্সিকো ও চীনের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরাও বক্তব্য রাখেন।
প্রবা/এনএস/এমআই