প্রবা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২২ ১৪:১৬ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২২ ১৫:১০ পিএম
আদালতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : দ্য ডন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। বৃহস্পতিবার দেওয়া এ রায়ে এক লাখ রুপি জামানতের বিনিময়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়।
দ্য ডন জানিয়েছে, বিচারক রাজা জাওয়াদ আব্বাস হাসান তাকে জামিন দেন।
সোমবার (২২ আগস্ট) নারী বিচারক ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত করে পুলিশ।
এরপর তার বাসবভন ঘিরে রাখে পুলিশ। তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমন তথ্য ছড়িয়ে পড়ার পর সেখানে তার দল পিটিআইয়ের হাজারো নেতাকর্মী জড়ো হন। তবে সেদিনই ইসলামাবাদ হাইকোর্ট আজ বৃহস্পতিবার পর্যন্ত তাকে আগাম জামিন দেন।
তাই আজ জামিনের আবেদন নিয়ে আদালতে উপস্থিত হন ইমরান খান। তিনি আদালতে পৌঁছানোর আগেই জামিনের আবেদন করা হয়। এ সময় তার আবেদনকারী দাবি করেন, পুলিশ প্রতিশোধ নিতেই পিটিআই প্রধানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলাটি নথিভুক্ত করেছে।
জামিন আবেদনের শুনানি হয় ইসলামাবাদের আদালত প্রাঙ্গণে। সেখানে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া আদালতের আশেপাশের সড়কগুলোও অবরুদ্ধ করে রাখা হয়।
এর মধ্যে ইমরানের দল পিটিআই তাদের নেতাকে হেফাজতে নেওয়া হলে নেতাকর্মীদের রাস্তায় নেমে আন্দোলনের নির্দেশ দেয়।
এর সঙ্গে সংহতি জানিয়ে তার সমর্থকরা সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, 'ইমরান খান আমাদের চূড়ান্ত সীমা।'
প্রবা/এনএস/এমজে