× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধের মধ্যে ইউক্রেনের স্বাধীনতা দিবস

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২২ ১৪:৫১ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২২ ১৫:২৭ পিএম

সতর্কতার মধ্যে সীমিত পরিসরে স্বাধীনতা দিবস উদাপন করছে ইউক্রেনীয়রা। ছবি : আলজাজিরা

সতর্কতার মধ্যে সীমিত পরিসরে স্বাধীনতা দিবস উদাপন করছে ইউক্রেনীয়রা। ছবি : আলজাজিরা

সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে ইউক্রেনের স্বাধীন হওয়ার ৩১ বছর পূরণ হলো আজ। একই দিনে রাশিয়ার সঙ্গে দেশটির যুদ্ধেরও ছয় মাস পূর্ণ হলো।

স্বাধীনতা দিবসকে ঘিরে রাশিয়া আক্রমণ বাড়াতে পারে বলে সর্তকতা উচ্চারণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি বলেছেন, আজকের দিনে কোনো হামলা চালানো হলে তার কড়া জবাব দেবে কিয়েভ।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এর মধ্যে ইউক্রেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। এর আগে ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া ছিনিয়ে নেওয় রাশিয়া। জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধের মধ্য দিয়ে ক্রিমিয়াকে আবার একীভূত করবে ইউক্রেন। 

কিছুদিন আগেই জেলেনস্কি দেশবাসীকে সতর্ক করে বলেন, বুধবার (২৪ আগস্ট) স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে মস্কো মারাত্মক কিছু করতে পারে। স্বাধীনতা দিবসের এক দিন আগে সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন,  ‘এমন কিছু করলে তারাও জবাব পাবে, বেশ কড়া জবাব। প্রত্যেক দিন এ প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে।’

ইউক্রেনের পশ্চিমা মিত্ররাও আশঙ্কা ব্যক্ত করেছেন, জাতীয় ছুটির এ দিনে সরকারি ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করতে পারে মস্কো। 

এর মধ্যে মঙ্গলবার কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতির মাধ্যমে নিরাপত্তা সতর্কতা জারি করে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য আছে, আগামী দিনগুলোতে সরকারি এবং বেসামরিক স্থাপনায় হামলা আরও জোরদার করতে পারে মস্কো। এ জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিজস্ব বা অন্য যেকোনো উপায়ে এখনই ইউক্রেন ছেড়ে যাওয়া উচিত।

পুরো সপ্তাহজুড়ে জেলেনস্কি তার দেশের নাগরিকদের স্বাধীনতা দিবসে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা বলে গেছেন। তার এ সতর্কতা জারির আরেকটি কারণ হলো পুতিনের তাত্ত্বিক গুরু ও ঘনিষ্ট মিত্র আলেকজান্দার দাগিনের মেয়ে দারিয়া দাগিনাকে হত্যার পেছনে মস্কোর কিয়েভকে দায়ী করা।

গত শনিবার দারিয়াকে হত্যার পর একে পরিকল্পিত ও ঘৃণ্য হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে কারণে ইউক্রেনজুড়ে সতর্কতার পাশাপাশি সীমিত করা হয়েছে স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচিও।

আলজাজিরার সাংবাদিক তেরেসা বো কিয়েভ থেকে জানান, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় কিয়েভসহ ইউক্রেনের বড় বড় শহরগুলোতে ব্যাপক সতর্কতা জারি রয়েছে। বিশেষত যুক্তরাষ্ট্রের দূতাবাসের হামলার আশঙ্কা করে বিবৃতি দেওয়া এবং দারিয়ার মৃত্যুর জন্য ইউক্রেনকে দায়ী করার পর এ সতর্কতা আরও জোরদার করা হয়।

তবে প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক থাকার পাশাপাশি এটাও জানান, আজকের দিনে কোনো হামলা চালানো হলে ইউক্রেন তার প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত আছে।

গত ছয় মাসের এ যুদ্ধে বহু সামরিক ও বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় সোমবার এক বিবৃতিতে জানায়, ২৪ ফেব্রুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত গোলা, রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় সাড়ে ৫ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় আট হাজার। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ছয় মাসের যুদ্ধে অন্তত ৯৭২ শিশু হতাহত হয়েছে। 

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেন, এ যুদ্ধে তাদের প্রায় ৯ হাজার সৈন্য নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়া এখনো তাদের বাহিনীর সদস্যদের হতাহতের হালনাদাত তথ্য প্রকাশ করেনি। তবে ইউক্রেন দাবি করছে, যুদ্ধে রাশিয়ার সাড়ে ৪৫ হাজান সৈন্য নিহত হয়েছেন।

প্রবা/এনএস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা