প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ১৯:১৩ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ১৯:৪৮ পিএম
কারখানার বিষাক্ত রাসায়নিকে করাচিতে ১৬ দিনে অন্তত ১৮ ব্যক্তি নিহত হয়েছেন। প্রতীকী ছবি
পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচি শহরে বাতাসে ছড়িয়ে পড়া বিষাক্ত রাসায়নিকের কারণে ১৬ দিনে অন্তত ১৮ ব্যক্তি নিহত হয়েছেন। গত ১০ থেকে ২৬ জানুয়ারির মধ্যে হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয় দুটি কারখানা থেকে ওই বিষাক্ত রাসায়নিক ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগ জানায়, কেয়ামারি জেলার আলি মুহাম্মদ গোথ মহল্লায় বাতাসে বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়েছে। এতে করে অন্তত ১৮ ব্যক্তি নিহত হয়েছেন। আক্রান্ত অঞ্চলে জরুরি সেবা দেওয়ার জন্য কিছু নিউমোনিয়া ক্যাম্প প্রতিষ্ঠা করা হয়েছে। অভিযুক্ত দুটি ফ্যাক্টরি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে আরও বলা হয়, আক্রান্ত ব্যক্তিদের তীব্র জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। আক্রান্ত হওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যে মৃত্যু হওয়ার ঝুঁকি থাকে।
নিহতদের বয়স, লিঙ্গ ইত্যাদি সম্পর্কে বিবৃতিতে কিছুই উল্লেখ করা হয়নি। তবে স্থানীয় বাসিন্দা হাফিজ লেগহারি আলজাজিরাকে বলেন, ‘আমার জানামতে মোট ১৮ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক তিনজন। বাকিরা শিশু। তাদের বয়স ১ থেকে ১৩ বছরের মধ্যে।’
সূত্র : আলজাজিরা।