প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ১২:৩১ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ১২:৫৬ পিএম
‘কিংডম লেস-ম্যাজেস্ট’ আইনের ধারায় ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
থাইল্যান্ডের একটি আদালত অনলাইন পোস্টে রাজতন্ত্রের অবমাননার দায়ে ‘কিংডম লেস-ম্যাজেস্ট’ আইনের ধারায় একজন ব্যক্তিকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছেন।
দেশটির উত্তরের শহর চিয়াং রাইয়ের একটি আদালত ২৯ বছর বয়সি অনলাইন পোশাক বিক্রেতা মংকোল তিরাকোটকে রাজতন্ত্রের মানহানির দুটি পৃথক মামলায় দোষী সাব্যস্ত করে ওই দণ্ড প্রদান করেন।
তার আইনজীবী এএফপিকে বলেছেন, তার কারাদণ্ডের সাজা মূলত ৪২ বছর ছিল কিন্তু আদালত তার সাক্ষ্যের পর শাস্তি কমিয়েছে।
তার আইনজীবী বলেছেন, মংকোল আপিল করার ইচ্ছা পোষণ করেছেন।
মংকোল গত বছর থেকে অনলাইন পোস্টগুলোর জন্য তৃতীয় পৃথক রাজকীয় মানহানির অভিযোগের মুখোমুখি হয়েছেন। মার্চ মাসে আদালতে তৃতীয় মামলার রায় দেওয়া হবে।
হিউম্যান রাইটস ওয়াচের সিনিয়র গবেষক সুনাই ফাসুক বলেছেন, রাজতন্ত্রের অবমাননার মামলার জন্য থাই আদালত কর্তৃক প্রদত্ত ২৮ বছরের সাজা এই মালায় দ্বিতীয় সর্বোচ্চ কারাদণ্ড।
২০২১ সালে একটি থাই আদালত রাজতন্ত্রকে অপমান করার জন্য শুধুমাত্র এক নারীকে ৪৩ বছরের সাজা দিয়েছিল। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
থাইল্যান্ডে বেশ কয়েক বছর ধরে রাজতন্ত্রের সংস্কারের আহ্বান জানিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং মামলার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
থাইল্যান্ডে ‘কিংডম লেস-ম্যাজেস্ট’ আইনের ধারায় ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
থাই লয়ার্স ফর হিউম্যান রাইটস অনুসারে, ২০২০ সালের নভেম্বর থেকে গণতন্ত্রপন্থি অধিকারকর্মীদের বিরুদ্ধে ২শটিরও বেশি মামলা করা হয়েছে।
‘কিংডম লেস-ম্যাজেস্ট’ নামের এই আইনটি বিশ্বের সবচেয়ে কঠোর আইনগুলোর মধ্যে একটি এবং অধিকার গোষ্ঠীগুলো মনে করে যে, এটি রাজতন্ত্রের বিরুদ্ধে বিতর্ককে দমন করার জন্য অপব্যবহার করা হচ্ছে।
সূত্র : এনডিটিভি