প্রবা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২২ ১৩:৫১ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২২ ১৫:০২ পিএম
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। ছবি : আলজাজিরা।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিনের মাদক পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
আলজাজিরা জানিয়েছে, বন্ধুদের সঙ্গে পার্টি করার একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর সমালোচনার মুখে তিনি এ পরীক্ষা করান।
প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা আইডা ভ্যালিন সোমবার জানান, কোকেন, অ্যামফিটামিন, গাঁজা এবং ওপিওডের মতো বিভিন্ন মাদকের উপস্থিতি আছে কি না তা নিশ্চিত করতে মারিনের প্রস্রাবের নমুনা পরীক্ষা করা হয়েছিল।
প্রধানমন্ত্রীর দাপ্তরিক এক বিবৃতিতে বলা হয়, সান্না মারিনের কাছ থেকে ১৯ আগস্ট নেওয়া নমুনার পরীক্ষায় মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। পরীক্ষার ফলে একজন ডাক্তারের স্বাক্ষর রয়েছে বলেও উল্লেখ করা হয়।
গত সপ্তাহে এক পার্টিতে প্রধানমন্ত্রী তার বন্ধুদের সঙ্গে নাচগান করার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে সান্না মাদক গ্রহণ করেছেন দাবি করে ব্যাপক সমালোচনা শুরু হয় তার বিরুদ্ধে।
এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় শুক্রবার প্রধানমন্ত্রী তার বাসভবনে সাংবাদিকদের বলেন, সব সন্দেহ দূর করার জন্য আমি আজ মাদক পরীক্ষা করিয়েছি।
এর আগে এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় মনোক্ষুণ্ন হন বলে জানান সান্না। তিনি বলেন, ব্যক্তিগত এ পার্টির ভিডিও কেবল আমার বন্ধুদের দেখার কথা ছিল।
প্রধানমন্ত্রী পার্টিতে অ্যালকোহল পান করার কথা স্বীকার করেন। তবে তিনি কোনো ধরনের মাদক গ্রহণ করেননি।
তিনি বলেন, আমার জীবনে আমি কখনোই মাদক গ্রহণ করিনি, এমনকি আমার তারুণ্যেও না।
২০১৯ সালে ৩৪ বছর বয়সে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সান্না মারিন। এর আগেও তিনি তার সরকারি বাসভবনে পার্টি করার কারণে সমালোচনার শিকার হন।
প্রবা/এনএস /এসআর