প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ১৩:৪৭ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ১৭:০৩ পিএম
ইউক্রেনের প্রধান রণক্ষেত্র দনবাসের বাইরে পূর্বাঞ্চলে গোলাবর্ষণ বাড়িয়েছে রুশ সৈন্যরা। শনিবার (২১ জানুয়ারি) জাপোরিঝিয়া ও সুমি অঞ্চলের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, সাম্প্রতিক আক্রমণটি তাদের সেনাবাহিনীর ইউনিটগুলোকে জাপোরিঝিয়ার ফ্রন্টলাইনের আরও সুবিধাজনক অবস্থানে রেখেছে।
তবে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা এই দাবিকে অতিরঞ্জিত বলে উল্লেখ করেছেন।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া প্রতিবেশী ইউক্রেনের ওপর আগ্রাসন চালায়। গত ১১ মাসে এই যুদ্ধে নিষেধাজ্ঞা, গোয়েন্দা তথ্য, কূটনৈতিক সহায়তা ও সহযোগিতার পাশাপাশি ইউক্রেনকে দফায় দফায় অস্ত্রসহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির কর্মকর্তারা বলেছেন, মস্কো সম্ভবত আগামী মাসগুলোতে নতুনভাবে আক্রমণের চেষ্টা করবে বলে তীব্র গোলাবর্ষণ করছে।
গত আগস্টের শেষের দিকে ইউক্রেনীয় সৈন্যদের পাল্টা আক্রমণের পর থেকে লড়াইটি দনবাসে অগ্রসর হয়। সম্প্রতি লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চলের আংশিক অংশ দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া।