× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান কি আগাম নির্বাচনের পথে এগোচ্ছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ২১:৪৬ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ২২:০৬ পিএম

এক সপ্তাহের মধ্যে পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশ সরকারের বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দুই প্রদেশেই ইমরান খানের পার্টি পিটিআই ক্ষমতায় ছিল। ছবি : সংগৃহীত

এক সপ্তাহের মধ্যে পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশ সরকারের বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দুই প্রদেশেই ইমরান খানের পার্টি পিটিআই ক্ষমতায় ছিল। ছবি : সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাবের পর এবার খাইবার পাখতুনখোয়া প্রদেশ সরকারের বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। এক সপ্তাহের কম ব্যবধানে দেশটির চার প্রদেশের মধ্যে দুটির সরকার নিজেদের বিলুপ্ত ঘোষণা করায় চাপে পড়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ সরকার। পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে ক্ষমতায় ছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি। 

খাইবার পাখতুনখোয়ার পিটিআইয়ের মুখ্যমন্ত্রী মাহমুদ খান নিজ সরকারের বিলুপ্তি ঘোষণার জন্য মঙ্গলবার (১৭ জানুয়ারি) গভর্নর হাজি গোলাম আলীর কাছে একটি চিঠি লেখেন। এই চিঠির ভিত্তিতে বুধবার প্রদেশটির সরকারের বিলুপ্তি ঘোষণা করেন হাজি গোলাম আলী।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় মাহমুদ খান বলেন, ‘শুধু খাইবার পাখতুনখোয়া নয়, পাকিস্তানের যেকোনো প্রদেশে আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারি। কেন্দ্রেও তা পারব। কথা নয়, কাজের ভিত্তিতে আমাদের সরকার গঠন ও পরিচালনার সক্ষমতা রয়েছে। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি।’ 

খাইবার পাখতুনখোয়ার আগে শনিবার (১৪ জানুয়ারি) দেশটির সবচেয়ে বেশি জনসংখ্যার প্রদেশ পাঞ্জাব সরকারের বিলুপ্তি ঘোষণা করা হয়। ওই প্রদেশের সরকারও ছিল পিটিআইয়ের। 

২০২১ সালের এপ্রিলে এক অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচুত্য হন পিটিআই প্রধান ইমরান খান। এরপর থেকে দলটি আগাম ভোটের দাবি জানাচ্ছে। ইতোমধ্যে তারা অনেকগুলো সমাবেশ ও দুটি লংমার্চ করেছে। দলটির পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে। 

সংবিধান অনুযায়ী, আগামী অক্টোবরে দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু পিটিআইয়ের দাবি, মুসলিম লীগ প্রধান শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার দেশটির চলমান সংকটের সমাধান করতে পারবে না। বরং তা আরও বাড়াবে। তাই আগাম নির্বাচন দিতে হবে। 

এদিকে দেশটির কোনো প্রাদেশিক সরকার বিলুপ্ত ঘোষণার তিন মাসের মধ্যে মধ্যবর্তী নির্বাচন আয়োজনের নিয়ম। সাধারণত দেশটির জাতীয় ও প্রাদেশিক নির্বাচন একসঙ্গে হয়ে থাকে। তবে, নির্বাচন কমিশন চাইলে আলাদা করেও নির্বাচন আয়োজন করতে পারে। 

‘সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক নেই’

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান বুধবার (১৮ জানুয়ারি) বিবিসি উর্দুকে বলেন, ‘নতুন সেনাপ্রধানের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। পাকিস্তানের বর্তমান সংকটকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আরও গভীর করছেন। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছেন। তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এপ্রিলের মধ্যে তাদের জাতীয় নির্বাচন দিতে বাধ্য করা হবে।’

গত নভেম্বর দেশটির নতুন সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল সৈয়দ অসিম মুনির। ক্ষমতাগ্রহণের পর এক অনুষ্ঠানে আগামী এপ্রিলে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দেন তিনি। 

বিশেষজ্ঞদের মত

লাহোরভিত্তিক রাজনৈতিক বিশেষজ্ঞ বেনজির শাহ আলজাজিরাকে বলেন, ‘ইমরান খানের জনসমর্থন এখনও তুঙ্গে। তিনি সেই সুবিধাকে কাজে লাগাতে চাচ্ছেন। যে দুটি প্রদেশে সরকার ভেঙে দেওয়া হয়েছে, সেখানে মধ্যবর্তী নির্বাচনে যদি খানের পার্টির সরকার গঠন করতে পারে, তাহলে শাহবাজ সরকারের ওপর বিপুল চাপ তৈরি হবে। তিনি হয়ত অগ্রীম নির্বাচন দিতে বাধ্য হবেন।’

অর্থনৈতিক দুরাবস্থা

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের মজুদ ৪০০ কোটি ডলারের নিচে নেমে এসেছে, যা দিয়ে বড়জোর দেড় থেকে দুসপ্তাহের আমদানি ব্যয় মেটানো যাবে। হু হু করে বেড়েছে নিত্যপণ্যের দাম। সংকট মোকাবিলায় দোকান-পাট রাত আটার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ অবস্থায় দেশটি বিদেশি ঋণ পরিশোধ করতে না পেরে নিজেকে দেউলিয়া ঘোষণা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

পরিস্থিতি সামলাতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ কিছু বন্ধ রাষ্ট্রের থেকে ঋণ ও অর্থ সহায়তার আশ্বাস পেয়েছে শাহবাজ সরকার। কিন্তু তা এখনও পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে জিওনিউজের এক প্রতিবেদনে।  

অন্যদিকে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও এখনও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রথম কিস্তির ১১০ কোটি ডলার ঋণ নিশ্চিত করতে পারেনি ইসলামাবাদ। সংস্থাটিতে প্রায় ৭০০ কোটি ডলার ঋণ সহায়তা চায় আকণ্ঠ সংকটে নিমজ্জিত দেশটি। 

সূত্র : আলজাজিরা, জিওনিউজ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা