× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর ফাঁকি মামলায় নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসার অব্যাহতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ১৫:৪৮ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ১৬:১৪ পিএম

শুনানির জন্য আদালতে ঢুকছেন মারিয়া রেসা। ১৮ জানুয়ারি তোলা। ছবি : সংগৃহীত

শুনানির জন্য আদালতে ঢুকছেন মারিয়া রেসা। ১৮ জানুয়ারি তোলা। ছবি : সংগৃহীত

ফিলিপাইনের নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা ও গণমাধ্যম র‌্যাপলার কর ফাঁকি মামলায় খালাস পেয়েছে। মারিয়া রেসা র‌্যাপলারের সহপ্রতিষ্ঠাতা। চারটি মামলায় চার বছর লড়াইয়ের পর বুধবার দেশটির করবিষয়ক কোর্ট তাদের খালাস দেন। মামলার রায়কে সত্য ও ন্যায়ের জয় বলে মন্তব্য করেছেন মারিয়া রেসা। 

র‌্যাপলারের এক প্রতিবেদনে বলা হয়, চার বছর আগে তৎকালীন প্রেসিডেন্ট রুদ্রিগো দুতার্তে সরকার মারিয়া রেসা ও র‌্যাপলার হোল্ডিংস করপোরেশনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে চারটি মামলা করে। 

রেসা ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক গণমাধ্যম নর্থ বেইস মিডিয়া (এনবিএম) ও ওয়াশিংটনভিত্তিক ওমিডিয়ার নেটওয়ার্কের (অন) যোগসাজশে তহবিল উত্তোলনের নামে কর ফাঁকি দিয়েছে। 

বুধবার (১৮ জানুয়ারি) মামলার রায় শেষে আবেগঘন ভাষায় রেসা সাংবাদিকদের বলেন, ‘এসব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সাংবাদিকদের তাদের পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত রাখতেই এসব মামলা করা হয়েছিল।’

‘এসব মামলা কেবল আমি বা র‌্যাপলারের বিরুদ্ধে ছিল না। বরং আমাদের পুঁজিবাজার, আইনের শাসন এবং গণমাধ্যমের স্বাধীনতা কোথায় গিয়ে ঠেকেছে, এসব মামলার মধ্য দিয়ে তার এক চিত্র ফুটে উঠেছে। তাই আজকের বিজয়, সমগ্র ফিলিপাইনবাসীর বিজয়। আজ সত্য ও ন্যায়ের জয় হয়েছে।’ 

২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান মারিয়া রেসা। ‘বাকস্বাধীনতার সুরক্ষার জন্য সংগ্রাম’ করায় তাকে ওই পুরস্কার দেওয়া হয়। 

কর্মজীবনের শুরু থেকে ক্ষমতার অপব্যহার, দুর্নীতি, আইনের শাসন, বাকস্বাধীনতার মতো বিষয় নিয়ে সরব ছিলেন রেসা। ২০১৬ সালে রুদ্রিগো দুতার্তে ক্ষমতা গ্রহণের পর থেকে রেসা ও র‌্যাপলারের ওপর চাপ বাড়ে। তাদের বিরুদ্ধে নানান ধরনের দেওয়ানি ও ফৌজদারি অভিযোগ উঠতে থাকে। কারণ, রেসা ও র‌্যাপলার দুতার্তের তথাকথিত মাদকযুদ্ধের ঘোর বিরোধী ছিলেন। 

ফিলিপাইনে সাংবাদিকদের অবস্থা

বিশ্বের যেসব দেশে সাংবাদিকদের অবস্থা সবচেয়ে করুণ, ফিলিপাইন তাদের শীর্ষে। ১৯৯২ সালের পর থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটিতে অন্তত ৯৪ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে গার্ডিয়ানের এক প্রতিবেদনে। 

সর্বশেষ গত অক্টোবরে পার্সিভাল মাবাসা নামে এক সাংবাদিক নিজের গাড়িতে নিহত হন। ২০২২ সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডন ইনডেক্সে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ফিলিপাইনের অবস্থান ছিল ১৪৭তম। 

সূত্র : র‌্যাপলার, গার্ডিয়ান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা