প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ১৪:৪৪ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ১৫:০০ পিএম
ঠিক কখন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ইউক্রেনের কর্মকর্তারা তা নিশ্চিত করেননি। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া।
ইউক্রেনের রাজধানী কিয়েভের অদূরে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি ও দুই শিশুও রয়েছেন। হেলিকপ্টারটিতে অন্যদের মধ্যে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা ছিলেন।
বুধবার (১৮ জানুয়ারি) ইউক্রেনের পুলিশপ্রধান ইগর ক্লিমেনকো এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেন। বিবৃতিতে পুলিশপ্রধান বলেন, ‘কিয়েভের কাছে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মোট ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীসহ তার মন্ত্রণালয়ের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ছিলেন।’
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি কোথায় থেকে কোথায় যাচ্ছিল, তা তাৎক্ষণিভাবে নিশ্চিত হওয়া যায়নি। জানা যায়নি আহতের সংখ্যা। তা ছাড়া ঠিক কখন দুর্ঘটনাটি ঘটে তাও ইউক্রেনের কর্মকর্তারা নিশ্চিত করেননি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনাস্থলের একটি ভিডিওতে মানুষের চিৎকার শোনা গেছে।
সূত্র : এএফপি।