প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২২ ১৭:৩১ পিএম
আপডেট : ২১ জুন ২০২২ ১৮:০৬ পিএম
কংগ্রেস নেতা রাহুল গান্ধী
ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মঙ্গলবার (২১ জুন) পঞ্চম দিনের মতো জিজ্ঞাসাবাদ করবে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইতোমধ্যেই কংগ্রেসের এই সংসদ সদস্যকে ৪০ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করেছে ওই সংস্থা। খবর এনডিটিভির।
সোমবার (২০ জুন) ইডি তাকে চতুর্থ দিনের মতো জেরা করে। জেরা অসমাপ্ত থাকায় রাহুলকে আজ আবার এ পি জে আবদুল কালাম রোডের ইডি দপ্তরে হাজির হতে হবে।
গত সপ্তাহের সোম থেকে বুধবার প্রতিদিনই রাহুলকে হাজিরা দিতে হয়েছে ইডির দপ্তরে। তার মা তথা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে কয়েকদিনের ছাড় দেওয়ার আবেদন জানান এ কংগ্রেস নেতা। সেই আবেদন মঞ্জুর হয়। সোনিয়াও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সোমবার রাহুলকে ফের জিজ্ঞাসাবাদ করা হয়।
কোভিড পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া। আগামী ২৩ জুন তাকেও জিজ্ঞাসাবাদ করার কথা ইডির।
গতকাল বেলা ১১টা নাগাদ রাহুল ইডি দপ্তরে হাজির হন। মধ্যরাতে তিনি ইডি দপ্তর থেকে বের হন।
কংগ্রেসের দাবি, পুরোনো এ মামলা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে ইডি নতুন করে মামলার তদন্ত শুরু করেছে।