প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩ ২১:৪৫ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩ ২২:১১ পিএম
প্রমোদতরীটির ৫০টিরও বেশি পর্যটন-গন্তব্য ঘোরার কথা রয়েছে। ছবি : সংগৃহীত
অগভীর পানিতে প্রমোদতরী গঙ্গাবিলাস আটকে যায়নি। এ নিয়ে সামনে আসা প্রতিবেদনগুলো ‘একেবারেই’ মিথ্যা। প্রমোদতরীটির পরিচালনা প্রতিষ্ঠান এক্সোটিক হেরিটেজ গ্রুপের চেয়ারম্যান রাজ সিং বলছেন এ কথা।
রাজ সিং আরও বলেন, ‘নির্ধারিত সময় অনুসারেই পাটনাতে পৌঁছেছে গঙ্গাবিলাস।’
এনডিটিভির প্রতিবেদন বলছে, তিন দিন আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গঙ্গাবিলাস উদ্বোধন করেন। একে বলা হচ্ছে ‘বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী।’ বর্তমানে ৫১ দিনের সফরে রয়েছে নৌযানটি। যাত্রার তৃতীয় দিনে ভারতের গণমাধ্যম জানায়, বিহারের ছাপরা জেলার ডরিগঞ্জ এলাকার কাছে গঙ্গার অগভীর পানিতে আটকে গেছে যানটি। পর্যটকদের নিরাপত্তার জন্য ছোট নৌকায় করে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে পরিচালনা প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলছেন, নৌযানটি নদীতে নোঙর ফেলেছে। পর্যটকদের নৌকায় করে আশেপাশের এলাকা ঘুরিয়ে দেখানো হচ্ছে। রাজ সিং বলেন, এই নৌযান সব সময় মূল চ্যানেলে অবস্থান করে। বড় যান পাড়ে যেতে পারে না। এটি প্রমোদতরীর জন্য স্বাভাবিক।’
সিং আরও বলেন, ‘পর্যটকদের প্রত্নতাত্ত্বিক এলাকা চিরান্দ দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। তারা আবার ফিরে এসেছেন।’
তিনি বলেন, ‘নৌযানটি পাটনায় নোঙর ফেলেছে এবং জেটিতে আসেনি, কারণ হাজারো মানুষ যানটি দেখতে এসেছে। এর সঙ্গে গোপনীয়তা এবং সুরক্ষা ইস্যু জড়িত। ফলে আমরা যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য নৌযানটিকে জেটিতে আনতে পারিনি। এক্ষেত্রে ভুল কিছু হয়নি। আমরা শুধু সতর্কতা অবলম্বন করছি।’
সব মিলিয়ে ৫০টিরও বেশি পর্যটন-গন্তব্য ঘোরার কথা রয়েছে প্রমোদতরীটির। আসার কথা রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও। সূত্র : এনডিটিভি