প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ২১:৫৫ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ২২:৪২ পিএম
কঙ্গোর কিভু প্রদেশের কাসিন্দি শহরের একটি গির্জায় ১৫ জানুয়ারি বোমা হামলার ঘটনা ঘটে। কাসিন্দি শহরের সাধারণ দৃশ্য। সম্প্রতি তোলা। ছবি : সংগৃহীত
গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর একটি গির্জায় রবিবার বোমা হামলায় অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৮ জন। সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে, ইসলামিক স্টেটের (আইএস) স্থানীয় সমর্থক গোষ্ঠীদের জোট অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, কঙ্গো সেনাবাহিনীর মুখপাত্র অ্যান্টনি মুয়ালুশায়ি রবিবার (১৫ জানুয়ারি) এক টুইটে লেখেন, উত্তর কিভু প্রদেশের কাসিন্দি শহরের একটি গির্জায় বোমা হামলার ঘটনা ঘটেছে। তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম-দাম প্রকাশ করা হয়নি। তবে, তিনি কেনিয়ার নাগরিক বলে জানা গেছে।
সন্দেহের তীর
কিভু প্রদেশের কাসিন্দি শহরের সঙ্গে উগান্ডার সীমান্ত রয়েছে। মধ্য আফ্রিকার দেশ দুটির ওই অঞ্চলে আইএস সমর্থক স্থানীয় ১২০টির মতো জঙ্গি গোষ্ঠী রয়েছে। এসব গোষ্ঠীর একটা বড় অংশ নিয়ে গঠন করা হয়েছে এডিএফ।
চলতি শতাব্দীর শুরু থেকে এসব গোষ্ঠী ওই অঞ্চলকে অস্থির করে রেখেছে। রবিবারের হামলার জন্য এডিএফকে দায়ী করছেন কঙ্গো সরকারের শীর্ষ কর্মকর্তারা।
সূত্র : এএফপি।