× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুতিদের হামলা মোকাবিলায় সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মিনিট আগে

সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়া পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বিদায় জানাতে আয়োজিত অনুষ্ঠান। ছবি: আইএসপিআর

সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়া পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বিদায় জানাতে আয়োজিত অনুষ্ঠান। ছবি: আইএসপিআর

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্রমাগত হামলা মোকাবিলার মুখে সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থা জোরদারে দেশটিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান। 

আজ রবিবার পাকিস্তানের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। সশস্ত্র গোষ্ঠী হুতিরা ‘আনসার আল্লাহ’ নামেও পরিচিত।

এর আগে সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়া সেনাদের বিদায় জানাতে গত শনিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এবং পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত রাজি তামিল আলবুগামি উপস্থিত ছিলেন।

রবিবার এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, দুই দেশের মধ্যকার বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় পাঠানো সেনারা কেবল সৌদি আরবের ভৌগোলিক সীমানার ভেতরেই দায়িত্ব পালন করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘নতুন করে তৈরি হওয়া নিরাপত্তা উদ্বেগের মধ্যে এই সেনা মোতায়েন সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে ভূমিকা রাখবে।’ তবে কতজন সেনা পাঠানো হচ্ছে, তাদের সুনির্দিষ্ট দায়িত্ব কী এবং কতদিন তারা সেখানে অবস্থান করবেন-সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইয়েমেনের রাস ইসা বন্দরে হামলা

পাকিস্তান থেকে সেনা পাঠানোর এই ঘোষণা আসার কিছুক্ষণ আগেই ইয়েমেনের রাস ইসা বন্দরে সৌদি জোটের হামলার খবর জানায় হুতিপন্থী সংবাদমাধ্যম ‘আল-মাসিরাহ’। হামলার আগে বন্দর এলাকা থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কতা জারি করেছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

এক বিবৃতিতে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হুতিরা বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করায় জোট বাহিনী এর জবাবে সামরিক পদক্ষেপ নিয়েছে।

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির দক্ষিণাঞ্চলভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে অবস্থান নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে হুতিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে সৌদি আরব।

চলতি গ্রীষ্মে এই সংঘাত নতুন করে তীব্র রূপ নিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি মূলত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতেরই একটি বর্ধিত অংশ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর কাছ থেকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় অংশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে হুতিরা। একই সঙ্গে তারা সৌদি আরবেও সরাসরি হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে।

সম্প্রতি ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের কয়েক দিনের মাথায় সৌদিতে সেনা মোতায়েনের এই ঘোষণা এলো। ইসলামাবাদ বৈঠকে সৌদি আরবের ওপর হুতিদের হামলাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে নিন্দা জানানো হয়। পাশাপাশি তিন দেশ ‘মক্কা যৌথ ঘোষণা’র আওতায় তাদের পারস্পরিক সমর্থন পুনর্ব্যক্ত করে। এই প্রতিরক্ষা চুক্তির শর্তানুযায়ী, চুক্তিবদ্ধ কোনো একটি দেশের ওপর আক্রমণকে সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

তবে পাকিস্তান ও তুরস্ক আগেই স্পষ্ট করে জানিয়েছিল, সৌদি আরবের প্রতি তাদের এই সমর্থন কেবল দেশটির অভ্যন্তরীণ ভূখণ্ডের প্রতিরক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে; ইয়েমেনের ভেতরে হুতিদের ওপর আক্রমণ চালানোর জন্য কোনো সহায়তা দেওয়া হবে না।

তথ্যসূত্র: আল জাজিরা ও এএফপি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা