× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বামীর রাত জাগা বন্ধ করতে গেমেই তাকে ‘হত্যার’ ছক স্ত্রীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মিনিট আগে

ছবি: : সাউথ চায়না মর্নিং পোস্ট

ছবি: : সাউথ চায়না মর্নিং পোস্ট

দেরি করে ঘুমানোর অভ্যাস কিছুতেই দূর করা যাচ্ছিল না স্বামীর, কারণ গভীর রাত পর্যন্ত চলে তার অনলাইন গেম খেলার নেশা। অবশেষে স্বামীকে সময়মতো ঘুমাতে পাঠাতে এক অভিনব কৌশল বের করলেন চীনের এক নারী। গেমে থাকা স্বামীর চরিত্রটিকে খুঁজে বের করে সেখানে বারবার ‘হত্যা’ করার জন্য তিনি অন্য অনলাইন গেমারদের সাহায্য চেয়ে বসেন। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ওই নারীর এই পরিকল্পনা শেষ পর্যন্ত সফলও হয়েছে। বেশ কয়েকজন খেলোয়াড় তার এই উদ্যোগে যোগ দেন। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর চেন নামের ওই নারী অন্য খেলোয়াড়দের কাছে এই অদ্ভুত অনুরোধ জানান। তিনি অনুরোধ করেন, রাত একটার দিকে যেন সবাই তার স্বামী লি-র গেমের চরিত্রটিকে লক্ষ্যবস্তু বানিয়ে আক্রমণ করেন, যাতে তিনি খেলা বন্ধ করে ঘুমাতে চলে আসেন।

চেন জানান, তার স্বামী আগের টানা তিন রাত ভোর ৩টা থেকে ৪টা পর্যন্ত জেগে গেম খেলছিলেন, যা তার ঘুমে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছিল।

চেনের এই আহ্বানে সাড়া দিয়ে পরের কয়েক রাতে অন্য খেলোয়াড়েরা একজোট হয়ে গেমে ঢোকেন। তাদের কাজ ছিল ‘তিয়ানতিয়ানকাইশিন’ নামের আইডির চরিত্রটিকে খুঁজে বের করে শেষ করা। একপর্যায়ে টানা তিন ঘণ্টার মধ্যে লি-র চরিত্রটিকে বারবার ঘায়েল করা হয়। খেলায় প্রতিটি পরাজয়ের পর লি-কে পুনরায় জীবিত হতে একটি সমাধিস্থল থেকে প্রেতাত্মা (স্পিরিট) হয়ে আবার মৃত্যুর স্থানে ফিরে আসতে হচ্ছিল।

এই কৌশলের ইতিবাচক প্রভাব দেখা যায় দ্বিতীয় রাতেই। সেদিন মধ্যরাতের আগেই খেলা বন্ধ করে বিছানায় চলে যান লি। চেন জানান, সারা বছরের মধ্যে সেদিনই তার স্বামী সবচেয়ে আগে ঘুমাতে যান।

এদিকে একই নামের আইডি ব্যবহার করায় ভুলবশত অন্য কয়েকজন সাধারণ খেলোয়াড়ও হামলার শিকার হন। এ নিয়ে কৌতুক করে কয়েকজন গেমার বলেন, নামটি যেন গেমটির কোনো ‘লুকানো বস’ হয়ে উঠেছে।

চেন জানান, চতুর্থ দিনে তার স্বামী এমন এক চরিত্র বেছে নেন, যা গেমে অদৃশ্য হয়ে থাকতে পারে। কিন্তু তাতেও নিস্তার মেলেনি। অন্য খেলোয়াড়েরা তার অবস্থান ট্র্যাক করে ক্রমাগত তথ্য জানাতে থাকেন এবং তাকে আবারও কুপোকাত করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনার পর থেকে লি গভীর রাত জেগে অনলাইন গেম খেলা বন্ধ করে দিয়েছেন।

তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা