ইরাককে ‘ট্রাম্পের হাতিয়ারে’ পরিণত না হওয়ার সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবার। তিনি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইরাককে সতর্ক থাকতে হবে, যাতে দেশটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বাস্তবায়নের হাতিয়ারে পরিণত না হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুক্রবার দেওয়া এক পোস্টে বাগদাদের প্রতি এ সতর্কবার্তা দেন মোখবার।
সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এ তথ্য জানিয়েছে।
এর আগে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাকি তেল পাচার বন্ধ, দুর্নীতির অবসান এবং সব ধরনের অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার জন্য আল-জাইদির প্রশংসা করেন তিনি।
এদিকে, তেল পাচারের অভিযোগে তদন্তের পর বুধবার ইরাকি সীমান্তরক্ষী বাহিনী সিরিয়া ও ইরানের সঙ্গে থাকা দুটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়। এর আগে এসব সীমান্ত ক্রসিং কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) নিয়ন্ত্রণে পরিচালিত হতো।
এক্সে দেওয়া পোস্টে মোখবার বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন নিয়তি ভাগাভাগি করাকে তেহরান তার পররাষ্ট্রনীতির অন্যতম মৌলিক নীতি হিসেবে বিবেচনা করে। সবচেয়ে কঠিন সময়েও ইরান সর্বশক্তি দিয়ে ইরাকের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং তাদের সঙ্গে বন্ধুত্বের প্রমাণ দিয়েছে।
তিনি আরও বলেন, দুই দেশের অবিচ্ছেদ্য বন্ধনের স্বার্থে সীমান্তসংক্রান্ত বিষয়ে বাগদাদকে সতর্ক থাকতে হবে। ইরাক যেন ইসলামের শত্রুদের হাতে হাতিয়ারে পরিণত না হয় এবং ‘অপরাধী ট্রাম্পের’ নীতি বাস্তবায়নের মাধ্যম হিসেবে ব্যবহৃত না হয়।