× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে বন্যা ও যোগাযোগ বিপর্যয়

সুব্রত চৌধুরী, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)

প্রকাশ : ১৭ মিনিট আগে

ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে উঁচু জোয়ার ও বিশাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রতীরবর্তী দ্য মেরিন রুম রেস্তোরাঁয়। ছবি: এএফপি

ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে উঁচু জোয়ার ও বিশাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রতীরবর্তী দ্য মেরিন রুম রেস্তোরাঁয়। ছবি: এএফপি

থ্যাংকসগিভিংয়ের ছুটিতে শক্তিশালী ঝড়, ভারী বর্ষণ ও উঁচু জোয়ারের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মধ্য-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া এবং পশ্চিমাঞ্চলে অস্বাভাবিক জোয়ারের কারণে ব্যাপক বন্যা ও যোগাযোগ বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় ১০ লাখ বাড়িঘর বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে। ছুটির এই সপ্তাহে আট কোটির বেশি মানুষের ভ্রমণের কথা থাকলেও বৈরী আবহাওয়ায় শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। খবর বিবিসির।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যমতে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৪৬০টি ফ্লাইট বাতিল এবং ২ হাজার ৫০৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। পূর্ব উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল বেগে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টিতে উপকূলীয় এলাকায় বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় নিউ জার্সির গভর্নর মিকি শেরিল এবং নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল নিজ নিজ অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন। ওয়াশিংটন ডিসিতে রেকর্ড বৃষ্টিপাতের পাশাপাশি জোয়ারের পানি ঢুকে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের রানওয়ে তলিয়ে গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ৯ লাখ ৮০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও নিউ জার্সি। মেরিল্যান্ডে প্রবল বাতাসে একাধিক সেতু বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাটের জেরে প্রায় ২০ লাখ গ্রাহককে কেবল জরুরি প্রয়োজনে পানি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ভার্জিনিয়া ও নিউ জার্সির বিদ্যুৎ কোম্পানিগুলো সতর্ক করেছে, ক্ষতিগ্রস্ত এলাকা নিরাপদ না হওয়া পর্যন্ত মেরামত শুরু করা যাচ্ছে না। ফলে বিদ্যুৎ ফিরতে কয়েক দিন সময় লাগতে পারে। এদিকে পূর্ব উপকূলের জন্য জরুরি তহবিল ছাড়ের বিষয়টি বিবেচনা করবেন বলে বৃহস্পতিবার বিকালে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস)। প্রশান্ত মহাসাগরীয় একের পর এক ঝড়ের প্রভাবে সেখানে বৃষ্টি, পাহাড়ে তুষারপাত ও প্রবল বাতাসের আশঙ্কা করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অস্বাভাবিক উঁচু জোয়ার। ক্যালিফোর্নিয়া উপকূলের সান ডিয়েগো ও লস অ্যাঞ্জেলেসসহ বেশ কিছু এলাকায় পানির উচ্চতা আট ফুট ছাড়িয়ে গেছে। উপকূলীয় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি ট্রেন বাতিল করেছে অ্যামট্র্যাক। কানাডার ব্রিটিশ কলাম্বিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে বুধবার রাতে ঝড়বৃষ্টির মধ্যে ফ্লোরিডার মায়ামি বিমানবন্দরে অবতরণের সময় ফেডেক্সের একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে ঘাসের ওপর চলে যায়, অবশ্য কেউ হতাহত হননি। ১১ সপ্তাহ আগে একই বিমানবন্দরে আরেকটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা