প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৪০ মিনিট আগে
জ্যারেড কুশনার ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র এফি ডেফরিন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের হুমকি মোকাবিলায় ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ একক বা স্বাধীনভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত।
তিনি বলেন, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই সম্পূর্ণ এককভাবে যেকোনো মুহূর্তে শক্তি দিয়ে আঘাত হানতে প্রস্তুত আছি।” খবর গালফ নিউজের।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকার প্রস্তুতি নেওয়ার মধ্যেই এমন বিপরীতমুখী বক্তব্য সামনে এলো। ঠিক যে সময়ে ইরানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযানের প্রস্তুতি এবং তেহরানের পক্ষ থেকে আকস্মিক হামলার আশঙ্কার খবর পাওয়া যাচ্ছে।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানকে দেওয়া সাক্ষাৎকারেই ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন ইরানে একাই হামলা চালানোর প্রস্তুতির কথা বলার পাশাপাশি এও বলেছেন যে, ইরান ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য থেকে এখনও সরে আসেনি।
খবর পাওয়া যাচ্ছে যে, নেতানিয়াহু নতুন করে আরেকটি সামরিক অভিযানে সমর্থন দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন। আর এই সামরিক পদক্ষেপ নেওয়ার যৌক্তিকতা তুলে ধরতেই তিনি চলতি মাসের শুরুতে মোসাদ প্রধান রোমান গোফম্যানকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন।
দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতির মধ্যেই বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে নতুন করে আরেকটি সামরিক অভিযান চালানোর বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের বার্তা: মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার ইসরায়েলের আঞ্চলিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভিন্ন ধরনের এক স্পষ্টবাদী মূল্যায়ন তুলে ধরেছেন। জার্মান ব্যবসায়ী মাথিয়াস ডফনারের সঙ্গে একটি পডকাস্ট সাক্ষাৎকারে কুশনার বলেন, ইসরায়েলের উচিত যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতিতে মনোনিবেশ করা।
নেতানিয়াহুর তড়িঘড়ি করা বা জরুরি পদক্ষেপ নেওয়ার পেছনে মূলত তিনটি কারণ রয়েছে: নিরাপত্তাজনিত উদ্বেগ, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়ার সুযোগ কমে আসার আশঙ্কা এবং দেশের ভেতরে ক্রমবর্ধমান রাজনৈতিক অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী মনে করেন যে, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নতুন করে গড়ে তুলছে এবং দেশটি এখনও আরও সামরিক হামলার মুখে দুর্বল অবস্থায় রয়েছে। নেতানিয়াহু নতুন করে ইরানে হামলা চালানোর বিষয়ে সমর্থন দিতে ট্রাম্পের ওপর বারবার চাপ দিয়ে আসছেন। এরই অংশ হিসেবে সাম্প্রতিক বৈঠকগুলোতে মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সামনে প্রমাণ হিসাবে ইরান সম্পর্কিত ইসরায়েলি গোয়েন্দা তথ্য উপস্থাপন করেছেন মোসাদ প্রধান রোমান গোফম্যান।
তবে ইসরায়েলের ভেতরেই ইরানে হামলা চালাতে এই তাড়াহুড়ো করা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর পাওয়া যাচ্ছে যে, সেনাপ্রধান ইয়াল জামির এবং মোসাদের ভেতরের গবেষকরা এখনই নতুন করে ইরানে আরেকটি সামরিক অভিযান চালানোর কোনো জরুরি প্রয়োজন দেখছেন না।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহু তার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যে তিনি বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক প্রতিপক্ষদের অভিযোগ, নিজের ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করতে অথবা বিরোধীদের একটি জাতীয় ঐক্য সরকারে যোগ দিতে বাধ্য করতেই তিনি নতুন করে যুদ্ধ বাধাতে চাইছেন।