প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩৮ মিনিট আগে
ব্যাংককের বাংচাক তেল ডিপোতে বিস্ফোরণের পর কুণ্ডলী পাকিয়ে উঠছে ধোঁয়া। ছবি: অ্যান্টনি ওয়ালেস/এএফপি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর আশপাশের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবারের এ ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা তিনটায় (বাংলাদেশ সময় দুপুর দুইটা) ব্যাংককের পূর্বাঞ্চলে ‘বাংচাক করপোরেশন’-এর ফ্রা খানোং তেল শোধনাগারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় শহরের আকাশ। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সংলগ্ন এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যেতে নির্দেশ দেয় বাংনা জেলা কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর শোধনাগারটির সব ইউনিটে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংচাক করপোরেশন। ব্যাংককের ইরাওয়ান জরুরি চিকিৎসা কেন্দ্র জানিয়েছে, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে থাইল্যান্ডের জ্বালানিমন্ত্রী আকানাত প্রমফান জানান, মূল তেল ডিপো থেকে অন্তত ১০০ মিটার দূরে একটি ডিস্টিলেশন টাওয়ারে (পাতন টাওয়ার) আগুনের সূত্রপাত হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ। এছাড়া শোধনাগারের তিন থেকে চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের গুণমান পরীক্ষা করে তা স্বাভাবিক পাওয়া গেছে বলে জানিয়েছে দূষণ নিয়ন্ত্রণ বিভাগ।
দৈনিক সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার ব্যারেল উৎপাদনক্ষমতার এই শোধনাগারটি ব্যাংককসহ মধ্য থাইল্যান্ডের সিংহভাগ জ্বালানির চাহিদা পূরণ করে থাকে। এর আগে ২০১২ সালেও এই শোধনাগারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।