প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মিনিট আগে
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে বিভিন্ন দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে দেশটির শীর্ষ নেতা কিম জং উন। ছবিটি গত ২৩ নভেম্বর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। ছবি: কেসিএনএ/রয়টার্স
নিষেধাজ্ঞা সংক্রান্ত বিরোধের জেরে রাজধানী পিয়ংইয়ংয়ে নিযুক্ত সুইজারল্যান্ডের কূটনৈতিক কার্যালয়ের প্রধানকে বহিষ্কার করেছে উত্তর কোরিয়া। মাত্র কয়েক সপ্তাহ আগেই সুইস সরকার সেখানে তাদের কার্যালয় পুনরায় চালু করেছিল এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুইস পররাষ্ট্রমন্ত্রী আলোচনাও করেছিলেন।
বুধবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, দেশটির সংদাওয়ন আন্তর্জাতিক শিশু ক্যাম্পের ওপর সুইজারল্যান্ড নিষেধাজ্ঞা আরোপ করায় সুইস কূটনীতিককে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর এক দিন আগেই উত্তর কোরিয়ার শীর্ষ পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা ও দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞাকে একটি ‘খোলাখুলি শত্রুতামূলক পদক্ষেপ’ এবং উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, এই ক্যাম্পটি উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ‘বৈধ’ সহযোগিতাকে সমর্থন করে। তবে রুশ বাহিনীর হাতে অপহৃত কিছু ইউক্রেনীয় শিশুকে ‘পুনঃশিক্ষা’ দেওয়ার জন্য সেখানে পাঠানো হয়েছিল বলে পশ্চিমা দেশগুলোর তোলা অভিযোগ নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
উত্তর কোরিয়া কী বলেছে?
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পিয়ংইয়ংয়ে নিযুক্ত সুইস কূটনৈতিক কার্যালয়ের প্রধান সিলভাইন অ্যাস্তিয়েরকে তলব করে কার্যালয়টি বন্ধের নির্দেশসংবলিত একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, ‘গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়ার (ডিপিআরকে) পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস কূটনৈতিক কার্যালয়ের প্রধানকে “অনাকাঙ্ক্ষিত ব্যক্তি” (পারসোনা নন গ্রাটা) হিসেবে ঘোষণা করেছে এবং তাকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ডিপিআরকে-এর সার্বভৌম অধিকার এবং নাগরিকদের স্বার্থ ক্ষুণ্ন করে এমন কোনো পদক্ষেপ কখনো মেনে নেওয়া হবে না।
সুইজারল্যান্ডের বক্তব্য
উত্তর কোরিয়ার এই পদক্ষেপের জবাবে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত তাদের দূতাবাস এবং বার্নে থাকা উত্তর কোরিয়ার দূতাবাসের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় যোগাযোগ অব্যাহত থাকবে।
উত্তর কোরিয়ার এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে সুইজারল্যান্ড জানায়, অ্যাস্তিয়েরকে বেইজিং দূতাবাসে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে, ‘কূটনৈতিক কার্যালয় বন্ধ হলেও তা সুইজারল্যান্ড ও উত্তর কোরিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক নিয়ে কোনো প্রশ্ন তোলে না।’
গত মাসের শেষের দিকে সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস পিয়ংইয়ং সফর করেছিলেন। সে সময় বার্ন তাদের কার্যালয়টি পুনরায় চালু করে এবং ‘সংলাপ ও সহযোগিতা জোরদারের’ বিষয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন সুইস পররাষ্ট্রমন্ত্রী।
বিতর্কের কেন্দ্রে যে ক্যাম্প
এই কূটনৈতিক টানাপোড়েনের মূলে রয়েছে ‘সংদাওয়ন আন্তর্জাতিক শিশু ক্যাম্প’। ইউক্রেনের রুশ-অধিকৃত অঞ্চলগুলো থেকে শিশুদের এনে এই ক্যাম্পে মতাদর্শিক দীক্ষা দেওয়ার অভিযোগ রয়েছে।
গত মঙ্গলবার ইউক্রেনীয় শিশুদের স্থানান্তরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুইজারল্যান্ড এই ক্যাম্পটিকে তাদের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করে এবং জানায় যে তারা পিয়ংইয়ংয়ে নিজেদের কূটনৈতিক কার্যালয় বন্ধের বিষয়টি বিবেচনা করবে।
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়া মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করতে কয়েক হাজার সেনা ও অস্ত্র পাঠিয়েছে। ক্যাম্পটিকে নিষেধাজ্ঞার আওতায় এনে সুইস কর্তৃপক্ষ জানায়, এই প্রতিষ্ঠানে শিশুদের এমন সব প্রচারণা ও কার্যক্রমের মুখোমুখি করা হয় যা মূলত রাশিয়া-পন্থি বয়ান প্রচারের জন্য সাজানো।
এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাজ্য এবং সেপ্টেম্বর মাসে ইউরোপীয় ইউনিয়ন এই ক্যাম্পটির ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল; যার ফলে ক্যাম্পটির সম্পদ জব্দ এবং এর সঙ্গে আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হয়।
উত্তর কোরিয়া-সুইজারল্যান্ড সম্পর্ক
পশ্চিমা দেশগুলোর মধ্যে হাতে গোনা যে কয়েকটি দেশের সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সুইজারল্যান্ড তার অন্যতম। ১৯৭৪ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
জানা যায়, ১৯৯০-এর দশকে কিম জং উন ও কিম ইয়ো জং কিশোর বয়সে সুইজারল্যান্ডের স্কুলে পড়াশোনা করেছিলেন।
পরবর্তী সময়ে ১৯৯৭ সালে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন উত্তর কোরিয়ার রাজধানীতে একটি ‘সহযোগিতা কার্যালয়’ খোলে, যা মূলত মানবিক সহায়তা কার্যক্রমের ওপর জোর দিত। তবে ২০২০ সালে করোনা মহামারির সময় উত্তর কোরিয়া তাদের সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দিলে কার্যালয়টির কার্যক্রমও বন্ধ হয়ে যায়। সম্প্রতি এটি আবার চালু করা হয়েছিল।