প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৪৪ মিনিট আগে
অগ্নিকাণ্ডের পর পড়ে থাকা পোড়া যানবাহন। ছবি: দ্য গার্ডিয়ান
মিসরের তেলবাহী ট্যাঙ্কার দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন।
স্থানীয় সময় বুধবার রাজধানী কায়রোর রিং রোডে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়া আগুন মুহূর্তেই আশপাশের গাড়ি ও মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। এতে দুই ডজনের বেশি যানবাহন পুড়ে যায়। অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনাটি ঘটেছে কায়রোর বৃহত্তর নগরাঞ্চলের গিজা প্রদেশের ঘনবসতিপূর্ণ ওয়াররাক এলাকায়। রাজধানীকে ঘিরে থাকা গুরুত্বপূর্ণ রিং রোডের এই অংশে দুর্ঘটনার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে একের পর এক গাড়ি পুড়তে থাকে। এ সময় উদ্ধারকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন গাড়ি থেকে হতাহতদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন শত শত মানুষ।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা শুরু করেছে দেশটির পাবলিক প্রসিকিউটর কার্যালয়।
মিসরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানিয়েছেন, আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিজেও দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতের সংখ্যা প্রাথমিক হিসাব। উদ্ধার ও শনাক্তকরণ কার্যক্রম চলমান থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।
এদিকে মিসরে সড়ক দুর্ঘটনা নিয়মিত প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। অতিরিক্ত গতি, সড়কের বেহাল অবস্থা এবং ট্রাফিক আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখা হয়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণাঞ্চলীয় বেনি সুয়েফ প্রদেশের কাছে একাধিক গাড়ির সংঘর্ষে ২১ জন নিহত ও ১৬ জন আহত হন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান