প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মিনিট আগে
বিজয়ীর মুকুট উঠেছে পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার বারেতোর মাথায়। ছবি: সংগৃহীত
নিজের দেশের মাটিতে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট উঠেছে পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার বারেতোর মাথায়।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত জমকালো আয়োজনে ২৭ বছর বয়সী বারেতোকে বিজয়ী ঘোষণা করা হয়।
বারেতোর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন ২০২৫ সালের মিস ইউনিভার্স বিজয়ী ফাতিমা বশ। এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মিস ডোমিনিকান রিপাবলিক এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস ভেনেজুয়েলা।
এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। গত সপ্তাহে প্রতিযোগীদের রুদ্ধদ্বার সাক্ষাৎকার ও জাতীয় পোশাক প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর রবিবার অনুষ্ঠিত হয় প্রাথমিক পর্বের সন্ধ্যাকালীন পোশাক ও সাঁতারের পোশাক প্রতিযোগিতা।
মঙ্গলবারের চূড়ান্ত পর্বের শুরুতে উপস্থাপক মারিও লোপেজ ও সাবেক মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল সেরা ৩০ প্রতিযোগীর নাম ঘোষণা করেন। সেখান থেকে বাদ পড়েন বাংলাদেশের সামিরা খান মাহি।
সেরা ৩০ জন প্রতিযোগীদের মধ্যে সন্ধ্যার পোশাক ও সাঁতারের পোশাক পর্ব শেষে সেরা পাঁচে জায়গা করে নেন প্রতিযোগীরা। তাদের নিয়ে হয় প্রশ্ন-উত্তর পর্ব।
বারেতোর কাছে বিচারকদের প্রশ্ন ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে। তাকে জিজ্ঞাসা করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের এই সময়ে মানুষের কোন মূল্যবোধটি কখনো হারিয়ে ফেলা উচিত নয়?
উত্তরে বারেতো বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে স্থায়ীভাবে জায়গা করে নিতে এসেছে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর ব্যবহার করতে হবে সতর্কতার সঙ্গে।
এরপর সেরা পাঁচ প্রতিযোগীর সবাইকে একই প্রশ্ন করা হয়- বর্তমান বিশ্বে নেতাদের কাছ থেকে সবচেয়ে বেশি কী প্রত্যাশা করে মানুষ?
বারেতোর মতে, বিশ্বে এখন প্রয়োজন দক্ষ ও যোগ্য নেতৃত্বের। তিনি বলেন, “নিজেদের অবস্থানে দৃঢ় থাকা এবং অন্যদের সামনে দৃষ্টান্ত ও মানদণ্ড তৈরি করার দায়িত্ব নেতাদেরই নিতে হবে”।
নিজেও একজন নেতা হিসেবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বারেতো। তার ভাষায়, “আমি আশা করি, মানুষের ওপর দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব রাখতে পারব। এ জন্য প্রথমেই স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষের প্রয়োজন বুঝে ক্ষতিকর আচরণ প্রতিরোধে কৌশল পরিবর্তন করতে পারলেই প্রকৃত পরিবর্তন আনা সম্ভব”।
মিস ইউনিভার্সের মুকুট জয়ের আগেও সামরিক বাহিনীতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বারেতো। মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো নির্বাচিত হওয়ার সময় তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মকর্তা হিসেবে কমিশন পাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগে (ডিপার্টমেন্ট অব ওয়ার) প্রতিরোধবিষয়ক বিশেষজ্ঞ ও সংকট মোকাবিলা কর্মী হিসেবে কাজ করছেন।
গত বছরের বিতর্কিত আয়োজনের তুলনায় ২০২৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনেকটাই নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। ২০২৫ সালের আসরে প্রতিযোগীদের মধ্যে প্রকাশ্য বাক্বিতণ্ডা, বিচারকদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো এবং প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।