মিয়ানমারের নিপীড়ন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মিনিট আগে
কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার দপ্তরের সামনে জড়ো হওয়া রোহিঙ্গা শরণার্থীরা। ২৭ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স
সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছেÑ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এমন ঐতিহাসিক রায়ের কয়েক দিনের মাথায় কয়েক হাজার শরণার্থীকে দেশটিতে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।
দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্বীকার করেছেন, মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া অনেকেই নেইপিদোর সামরিক জান্তার ‘নৃশংসতার শিকার’। তবু শরণার্থীদের ভার আর বহন করা সম্ভব নয় জানিয়ে আগামী মাস থেকেই তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদারের কথা বলেছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।
মঙ্গলবার মালয়েশিয়ার পার্লামেন্টে আনোয়ার ইব্রাহিম জানান, আগামী ডিসেম্বরে নৌবাহিনীর তিনটি জাহাজে করে ১ হাজার ৫০০ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। এ ছাড়া মিয়ানমার সরকারের খরচে উড়োজাহাজে করে ফেরত পাঠানো হবে আরও ৫ হাজার ৩০৩ জনকে।
আনোয়ারের দাবি, এই প্রত্যাবাসন আইসিজের পরামর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আদালতের রায়ে নির্যাতনের মুখে পালিয়ে আসা মানুষদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার’ কথা বলা হয়েছে। মিয়ানমারের জনগণের অধিকার রক্ষার নীতি থেকে মালয়েশিয়া সরে আসেনি বলেও মন্তব্য করেন তিনি। তবে শরণার্থীদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের আশা কাজে আসেনি এবং মালয়েশিয়ার পক্ষে আর তাদের আশ্রয় দেওয়ার ব্যয়ভার বহন করা সম্ভব নয় বলে জানিয়ে দেন প্রধানমন্ত্রী।
ফেরত পাঠানোর তালিকায় সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা কতজন আছে, তা স্পষ্ট নয়। তবে জাতিসংঘের তথ্যমতে, মালয়েশিয়ায় বসবাসরত মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। তাদের অনেকেই ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস অভিযানের মুখে পালিয়ে সেখানে আশ্রয় নেয়।
২০১৬-১৭ সালের ওই অভিযানে গণহত্যা, সংঘবদ্ধ ধর্ষণ ও গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে গত সপ্তাহে নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজে ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে অভিযুক্ত করে রায় দেন। রায়ে দেশে বা বিদেশে বাস্তুচ্যুত শরণার্থীদের ‘নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন’ নিশ্চিত করতে মিয়ানমার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
এদিকে মালয়েশিয়ায় শরণার্থীদের উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অভিবাসীবিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে। অনেকের মতে, শরণার্থীদের আশ্রয় দেওয়া দেশটির জন্য আর্থিক বোঝা ও নিরাপত্তার ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় গত সেপ্টেম্বরেই বিতর্কিত প্রত্যাবাসন পরিকল্পনা চালু করে প্রায় ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠায় কুয়ালালামপুর।
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফেরত পাঠানো হলে শরণার্থীরা চরম বিপদের মুখে পড়তে পারে বলে আগেই সতর্ক করেছে জাতিসংঘ। দেশটির মাঠপর্যায়ের ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় কাউকে ফেরত না পাঠাতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল সংস্থাটি।