× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সব জল্পনার অবসান, এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মিনিট আগে

টেক্সাসের শেরম্যানে ‘কোহেরেন্ট’–এর উৎপাদন কারখানা সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের অপেক্ষায় এনভিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও জেনসেন হুয়াং (১৬ জুন, ২০২৬)। ছবি: জেফ্রি ম্যাকওয়ার্টার/এপি (ফাইল ছবি)

টেক্সাসের শেরম্যানে ‘কোহেরেন্ট’–এর উৎপাদন কারখানা সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের অপেক্ষায় এনভিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও জেনসেন হুয়াং (১৬ জুন, ২০২৬)। ছবি: জেফ্রি ম্যাকওয়ার্টার/এপি (ফাইল ছবি)

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে সর্বসম্মতিক্রমে পুনর্বহাল করা হয়েছে জেনসেন হুয়াংকে। 

পদটিতে ফেরার প্রস্তাব পর্ষদ নাকচ করার কয়েক দিনের মাথায় সোমবার এক আকস্মিক সিদ্ধান্তে তাঁকে ফিরিয়ে আনা হলো। বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা হুয়াং স্বীকার করার পর প্রতিষ্ঠানটিতে যে চরম অস্থিরতা তৈরি হয়েছিল, তারই সর্বশেষ নাটকীয় মোড় এই পুনর্বহাল।

এক বিবৃতিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে সি জোন্স বলেন, “পর্ষদ বিশ্বাস করে এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য জেনসেনই উপযুক্ত ব্যক্তি। তাকে স্বপদে ফিরিয়ে আনা আমাদের শেয়ারধারী, কর্মী, অংশীদার ও গ্রাহকদের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করবে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হুয়াংয়ের ফেরায় জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি রয়েছে বলে মনে করার ‘কোনো কারণ কেন্দ্রীয় সরকারের নেই’। হুয়াংয়ের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক থাকা ট্রাম্প গত রবিবার রাতেই তাকে পদে ফেরানোর আহ্বান জানিয়েছিলেন। মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ নিশ্চিত করেছেন যে হুয়াং কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন—এমন কোনো প্রমাণ সরকারের কাছে নেই। এই সিদ্ধান্তকে ‘সঠিক ও যথাযথ’ উল্লেখ করে ট্রাম্প বলেন, শুধু এনভিডিয়ার সাফল্য নয়, আমেরিকার সামগ্রিক অর্থনীতির স্বার্থেই এই প্রতিষ্ঠানে জেনসেনের নেতৃত্ব প্রয়োজন। তবে ট্রাম্প এনভিডিয়াকে তাদের অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে জেনসেন হুয়াং বলেন, প্রতিষ্ঠানে ফিরে আসতে পেরে তিনি ‘সম্মানিত বোধ করছেন’ এবং সর্বোচ্চ বিনয় ও নতুন অঙ্গীকার নিয়ে এই দায়িত্ব নিচ্ছেন। সংক্ষিপ্ত এই বিশৃঙ্খল সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি চেয়ারম্যান জোন্স এবং অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব পালন শেষে পুনরায় প্রধান আর্থিক কর্মকর্তার (সিএফও) দায়িত্বে ফেরা কোলেট ক্রেসসহ নির্বাহী দলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, “কর্মচারী, শেয়ারহোল্ডার ও অংশীদারদের অসাধারণ সমর্থনের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। সর্বোপরি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমি কাজে ফেরার তর সইতে পারছি না।”

চীনা নারী ও সন্দেহভাজন গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর গত এক মাস ধরে তীব্র সংকটের মধ্য দিয়ে গেছে এনভিডিয়া। বিষয়টি স্বীকারের পর মার্কিন পুঁজিবাজারে চরম অস্থিরতা দেখা দেয় এবং ওয়াশিংটনের আইনপ্রণেতারা হুয়াংয়ের কর্মকাণ্ড ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন মানা হয়েছিল কি না, তা নিয়ে তদন্তের দাবি তোলেন।

গত সপ্তাহে হুয়াং জানান, প্রতিষ্ঠান চাইলে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত; কিন্তু সে সময় পর্ষদ তাকে ফেরাতে অস্বীকৃতি জানায়। তবে ইলন মাস্কসহ বর্তমান ও সাবেক কর্মী, বিনিয়োগকারী ও সিলিকন ভ্যালির শুভাকাঙ্ক্ষীরা তাঁকে ফেরানোর দাবিতে একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেন।

প্রযুক্তি খাতে স্বচ্ছতাজনিত কারণে বরখাস্ত হওয়ার পর কর্মী ও বিনিয়োগকারীদের চাপে পদে ফেরার ঘটনা এটিই প্রথম নয়। তিন বছর আগে চরম ক্ষমতা দ্বন্দ্বের জেরে ওপেনএআই-এর সহপ্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে কর্মীদের বিদ্রোহের মুখে কয়েক দিনের মাথায় তাকে ফিরিয়ে আনা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা