নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মিনিট আগে
মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোতে সিটি হলের সামনে ব্যানার হাতে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা, ১৩ অক্টোবর ২০২৫। ছবি: লুইস তাতো/এএফপি/গেটি ইমেজেস
বিশ্বজুড়ে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তরুণ প্রজন্ম। তাদের আন্দোলনে বদলে যাচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট। এরই ধারাবাহিকতায় ইউরোপের বিভিন্ন দেশে গত শুক্রবারও রাস্তায় নেমেছিলেন শিক্ষার্থীরা। যুদ্ধ বন্ধ, সামাজিক কল্যাণ খাতে ব্যয় সংকোচন প্রত্যাহার, এমনকি পুঁজিবাদের অবসানের দাবিতে স্লোগান তোলেন তারা। হতাশ তরুণরা বিভিন্ন দেশে নির্বাচনে বড় চালিকাশক্তি হিসেবে কাজ করছেন। হাঙ্গেরি ও সার্বিয়ায় জাতীয়তাবাদী নেতাদের ক্ষমতা থেকে বিতাড়ন, আমেরিকার মিসিসিপিতে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হওয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির কোনো রাজ্যে প্রথমবারের মতো উগ্র রক্ষণশীলদের বিজয়ে এ চালিকাশক্তি কাজ করেছে। ফ্রান্স ও স্পেনে আসন্ন নির্বাচনেও এ তরুণ শক্তি বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষার পরিবেশ এবং ক্রমবর্ধমান সামরিক ব্যয়ের প্রতিবাদে ইউরোপের ২০টিরও বেশি দেশের শিক্ষার্থী ও তরুণ শ্রমিকরা ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই’ স্লোগানে সমন্বিত বিক্ষোভ করেছেন। বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৫০টিরও বেশি সংগঠনের কর্মীরা শুক্রবারের এই সমাবেশে অংশ নেন।
সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের বৃহত্তম সমন্বিত যুব বিক্ষোভ হিসেবে অভিহিত ‘ইয়ুথ স্ট্রাইক’ জোট জানিয়েছে, ‘তাদের যুদ্ধ নয়, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’ স্লোগানে প্রায় ৪০০টি শহরে এই বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছিল। জোটটি পাঁচটি প্রধান দাবি তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে সামরিকীকরণ ও বাধ্যতামূলক সেনা নিয়োগ বন্ধ করা; শিক্ষা ও জনকল্যাণমূলক খাতে কাঠামোগত বিনিয়োগ; ফিলিস্তিনের প্রতি সংহতি; জলবায়ু ও সামাজিক ন্যায়বিচার এবং আমরা যে ব্যবস্থার মধ্যে বাস করছি তার আমূল পরিবর্তন।
পর্তুগালের একজন আয়োজক লিওনর চিকো বলেন, তরুণ হিসেবে আমরা জানি যে আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য আমাদেরই সংগঠিত হতে হবে এবং লড়াই করতে হবে, কারণ আমাদের হয়ে অন্য কেউ এটি করে দেবে না।
যুক্তরাজ্যভিত্তিক ‘স্টপ দ্য ওয়ার’ জোটের সাব্বির লাখা বলেন, এই গণজমায়েত অভিন্ন দাবির ভিত্তিতে তরুণ, শিক্ষার্থী ও শ্রমিকদের একত্রিত করতে সক্ষম একটি দীর্ঘস্থায়ী আন্তর্জাতিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
শুক্রবার ফ্রান্সে হওয়া সমাবেশগুলোর অন্যতম আয়োজক ছিল ‘জিলেটস জোনস’ (ইয়েলো ভেস্টস বা হলুদ পোশাকধারী আন্দোলনকারী), যাদের বিক্ষোভ ২০১৮ ও ২০১৯ সালে দেশটিকে কাঁপিয়ে দিয়েছিল। অন্যদিকে জার্মানির বার্লিনে বাধ্যতামূলক সামরিক পরিষেবা ফিরিয়ে আনার আশঙ্কায় প্রায় এক হাজার শিক্ষার্থী বিক্ষোভ করেন। রোম, মিলান এবং ইতালির অন্যান্য শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। ২৪ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লরা পেরিটোর বলেন, আমরা এমন এক সরকারের অধীনে বাস করছি, যারা স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বরাদ্দ কমাচ্ছে, আমাদের বর্তমানকে কেড়ে নিচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। লন্ডনে তরুণদের নেতৃত্বাধীন একটি বিক্ষোভে অংশগ্রহণকারীরা ব্যানার নিয়ে মিছিল করেন, যাতে লেখা ছিল : যুদ্ধ, বর্ণবাদ, জলবায়ু সংকট ও পুঁজিবাদকে না বলুন। আর স্পেনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় দেশটির প্রয়াত স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাংকোর মৃত্যুবার্ষিকীর দিনে।
হার্ভার্ড কেনেডি স্কুলের রাষ্ট্রবিজ্ঞানী এরিকা চেনোওয়েথ বলেন, জেন-জি জেগে উঠছে। রাজনৈতিক ব্যবস্থাগুলো যখন তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে, তখন তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ আর নীরব দর্শক হয়ে থাকতে চায় না— বিষয়টি এখন অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশ থেকে বেলজিয়াম, ইতালি থেকে ভারত— মনে হচ্ছে, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্বকারী জেন-জি প্রজন্ম নিজেদের কণ্ঠস্বর খুঁজে পেয়েছে।