প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২২ ২০:৫০ পিএম
ফাইল ছবি
ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর রেকর্ড নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব। এ পরিস্থিতিতে ছাড়ে অপরিশোধিত তেল বিক্রি করছে মস্কো। এই সুযোগে দেশটি চীনের সবচেয়ে বড় তেল সরবরাহকারী হয়ে উঠেছে। খবর বিবিসির।
খবরে বলা হয়, রাশিয়ার তেলের আমদানি এক বছর আগের তুলনায় ৫৫ শতাংশ বেড়ে মে মাসে রেকর্ড স্তরে পৌঁছে গেছে বলে জানিয়েছে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন গত মাসে রাশিয়া থেকে প্রায় ৮ দশমিক ৪২ মিলিয়ন টন তেল আমদানি করেছে। যা পূর্বে চীনের অপরিশোধিত তেলের বৃহত্তম উত্স সৌদি আরব থেকে ৭ দশমিক ৮২ মিলিয়ন টন তেল কিনে একে দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছে।
গত সপ্তাহে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভ্লাদিমির পুতিনকে রাশিয়ার 'সার্বভৌমত্ব ও নিরাপত্তা' বিষয়ে চীনের সমর্থনের বিষয়ে আশ্বাস দিয়েছেন। এ ছাড়া গত ফেব্রুয়ারি মাসেই চীন এবং রাশিয়া তাদের বন্ধুত্বের কোনো সীমা নেই বলে ঘোষণা দেয়।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের নিষেধাজ্ঞার সঙ্গে সামঞ্জস্য রাখতে অপরিশোধিত তেল বিক্রিতে বড় ধরনের ছাড় ঘোষণা করে রাশিয়া। তাই চীনের বড় পরিশোধন জায়ান্ট সিনোপেক এবং রাষ্ট্র-চালিত সিনহুয়া অয়েলের মতো চীনের বড় বড় কোম্পানিগুলো সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বাড়িয়ে দিয়েছে।
সোমবারের পরিসংখ্যানে আরও দেখা গেছে যে, চীন গত মাসে দুই লাখ ৬০ হাজার টন ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে, যা গত ডিসেম্বর থেকে ইরানের তেলের তৃতীয় চালান। তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল ক্রয় অব্যাহত রেখেছে চীন।