প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মিনিট আগে
ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশে অগ্নিকাণ্ডের পর একটি মিষ্টির কারখানা পরিদর্শন করছেন উদ্ধারকর্মীরা। রবিবার, ২২ নভেম্বর ২০২৬। ছবি: বাসারনাস/এপি
ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩৬ জন।
রবিবার দেশটির ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী জাকার্তার সীমান্তবর্তী বানতেন প্রদেশের ‘ফনুসা আগুং মুলিয়া’ কারখানা থেকে অন্তত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) উদ্ধারকারী কর্মকর্তা রিজকি দিয়ান্তো বলেন, “কারখানার বেশ কয়েকটি স্থানে এখনো আগুন জ্বলছে। অগ্নিনির্বাপক দলগুলো আগুন নেভানো এবং তা ঠাণ্ডা করার কাজ চালিয়ে যাচ্ছে।”
তিনি জানান, আগুন লাগার ১২ ঘণ্টারও বেশি সময় পরও আগুন নিয়ন্ত্রণে সেরং জেলা ও বানতেন প্রদেশের দমকলকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দমকল বিভাগ এবং ইন্দোনেশিয়ান রেড ক্রসের সদস্যদের সঙ্গে উদ্ধারকর্মীরা কারখানার বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন। বিশেষ করে যেখানে লোকজন আটকা পড়ে থাকতে পারে, সেসব স্থানকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।
বানতেন প্রদেশের গভর্নর আন্দ্রা সোনি সাংবাদিকদের জানান, আগুন লাগার সময় কারখানাটির ভেতরে প্রায় ৬০ জন মানুষ ছিলেন।
তিনতলা বিশিষ্ট ওই কারখানাটিতে ‘মিলকিতা’ নামে পরিচিত বিভিন্ন ধরনের দুগ্ধজাত খাবার (স্ন্যাক্স) ও মিষ্টি তৈরি হতো।
অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে কারখানাটির তিনতলা ভবন থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা গেছে। ভবনের ভেতরের ভিডিও চিত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়, যেখানে কারখানার ভেতরের যন্ত্রপাতি পুড়ে কালো ও ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া স্থানীয় সম্প্রচারমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে কারখানার বাইরে নিখোঁজদের স্বজনদের ভিড় করতে দেখা গেছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় বেশ কয়েকটি প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরে জাকার্তার একটি কার্যালয় ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হন। এর আগে ২০২৩ সালে একটি নিকেল প্রক্রিয়াকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জন প্রাণ হারান।