× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবেশবান্ধব এআই ও সবুজ শিল্পায়নের অঙ্গীকার

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ১৭ মিনিট আগে

এআই প্রযুক্তির পরিবেশগত প্রভাব মোকাবিলায় ৮০টির বেশি পক্ষের সমর্থনে গৃহীত হয়েছে ‘আনতালিয়া এআই অঙ্গীকার’। ছবি: সংগৃহীত

এআই প্রযুক্তির পরিবেশগত প্রভাব মোকাবিলায় ৮০টির বেশি পক্ষের সমর্থনে গৃহীত হয়েছে ‘আনতালিয়া এআই অঙ্গীকার’। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) পরিবেশবান্ধব রাখা এবং ভারী শিল্পে কার্বন নিঃসরণ কমাতে কপ-৩১ সম্মেলনে দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। এআই প্রযুক্তির পরিবেশগত প্রভাব মোকাবিলায় ৮০টির বেশি পক্ষের সমর্থনে গৃহীত হয়েছে ‘আনতালিয়া এআই অঙ্গীকার’। পাশাপাশি ইস্পাত, সিমেন্ট, অ্যালুমিনিয়াম ও রাসায়নিক শিল্পে কার্বন নিঃসরণ কমাতে চালু হয়েছে ‘আনতালিয়া গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমপ্যাক্ট’। বাংলাদেশের মতো শিল্পায়নমুখী ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য এসব উদ্যোগ নতুন সম্ভাবনার পাশাপাশি গুরুত্বপূর্ণ নীতিগত চ্যালেঞ্জও তৈরি করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত সম্প্রসারণের সঙ্গে বাড়ছে ডেটা সেন্টারের চাহিদা। এসব কেন্দ্র পরিচালনায় বিপুল বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়। বিদ্যুতের উৎস জীবাশ্ম জ্বালানিনির্ভর হলে এআই প্রযুক্তির বিস্তারও পরোক্ষভাবে কার্বন নিঃসরণ বাড়াতে পারে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ও কপ-৩১-এর সভাপতি দেশ তুরস্কের উদ্যোগে পরিবেশবান্ধব এআই অঙ্গীকার গ্রহণ করা হয়েছে। এতে ডেটা সেন্টারে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, বিদ্যুৎ ও পানি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তির পরিবেশগত প্রভাব পরিমাপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে ভারী শিল্পের কার্বন নিঃসরণ কমাতে নেওয়া হয়েছে গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমপ্যাক্ট। এতে ইস্পাত ও সিমেন্ট উৎপাদনে প্রচলিত জ্বালানির পরিবর্তে পরিচ্ছন্ন জ্বালানি, আধুনিক প্রযুক্তি ও বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে উৎপাদনব্যবস্থা বদলে ফেলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উদ্যোগটিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ থেকে ২০৩৫ সালের মধ্যে কম ও প্রায় শূন্য কার্বন নিঃসরণকারী ইস্পাত ও সিমেন্ট উৎপাদনে ৫০ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ প্রয়োজন। অথচ চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্তে পৌঁছানো প্রকল্পগুলোতে প্রতিশ্রুত অর্থের পরিমাণ এখনও ২ হাজার কোটি ডলারের কম।

বাংলাদেশের জন্য এসব উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে। দেশে অবকাঠামো নির্মাণ, আবাসন ও শিল্প সম্প্রসারণের কারণে সিমেন্ট ও ইস্পাতের চাহিদা বাড়ছে। একই সঙ্গে এসব শিল্পে কয়লা, গ্যাস ও অন্যান্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশের ওপর চাপ বাড়াচ্ছে। শিল্পকারখানার জ্বালানি দক্ষতা কম হলে উৎপাদন ব্যয়ও বাড়ে। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা ও আমদানিনির্ভরতার চাপ দেশের শিল্প উৎপাদন ও অর্থনীতিতে প্রভাব ফেলে।

বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হলো শিল্পায়নের গতি বজায় রেখেই কার্বন নিঃসরণ কমানো। পুরনো প্রযুক্তিনির্ভর সিমেন্ট ও ইস্পাত কারখানার আধুনিকায়ন, নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার, শিল্পবর্জ্য পুনর্ব্যবহার ও জ্বালানির অপচয় কমাতে বড় বিনিয়োগ প্রয়োজন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে নিজস্ব অর্থায়নে এ রূপান্তর ঘটানো কঠিন। আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও সহজ শর্তে প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা গেলে এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে।

এআই প্রযুক্তির পরিবেশগত প্রভাবের বিষয়টিও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। দেশে ডেটা সেন্টার, ডিজিটাল অবকাঠামো ও এআইভিত্তিক সেবার সম্প্রসারণ ঘটছে। ভবিষ্যতে এসব অবকাঠামো পরিচালনায় বিদ্যুৎ ও পানির চাহিদা বাড়বে। তাই নতুন ডেটা সেন্টার স্থাপনে নবায়নযোগ্য বিদ্যুৎ, জ্বালানিসাশ্রয়ী কুলিং প্রযুক্তি ও পানি ব্যবস্থাপনায় পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা