মহাকাশ অভিযান
আট বছরের বেশি সময় ধরে ৬০০ কোটি মাইল পাড়ি দিয়ে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধের কক্ষপথে আজ প্রবেশ করবে ইউরোপ-জাপানের যৌথ মহাকাশযান বেপিকলম্বো। শিল্পীর কল্পনায়
সূর্যের দগদগে অগ্নিকুণ্ডের একদম কোলঘেঁষে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে সৌরজগতের ক্ষুদ্রতম ও সবচেয়ে অনাবিষ্কৃত গ্রহ বুধ। দিনের বেলায় সেখানে যেন গলিত ধাতুর উত্তাপ, আর রাত নামলেই হাড়জমানো তীব্র শীত।
সেই রহস্যময় জগতের আঁধার-আলো ছুঁতে দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে মহাশূন্যের নীরবতা ভেঙে ছুটে চলেছে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশযান বেপিকলম্বো।
প্রায় ৬০০ কোটি মাইল পথ পাড়ি দিয়ে অবশেষে বুধের একদম দুয়ারে গিয়ে পৌঁছেছে এই যুগল-যান। আজ শনিবার পৃথিবী থেকে নিয়ন্ত্রকেরা এর থ্রাস্টার চালু করলেই বুধের কক্ষপথে ঢুকে পড়বে বেপিকলম্বো। আর এর মধ্য দিয়ে মানবসভ্যতার ইতিহাসে দ্বিতীয় কোনো মহাকাশযান হিসেবে সূর্যের প্রথম এই পাথুরে গ্রহকে প্রদক্ষিণ করার গৌরব অর্জন করবে এটি।
১৬০ কোটি ইউরোর এই মহাজাগতিক অভিযানে বুধকে ঘিরে বিজ্ঞানীদের বহু পুরনো প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। সূর্যের এত কাছে কীভাবে জন্ম হলো গ্রহটির, কেন এর নিজস্ব চৌম্বকক্ষেত্র রয়েছে, কিংবা প্রচণ্ড উত্তাপের পরও এর চির-অন্ধকার গহ্বরগুলোতে জমাট বেঁধে থাকা বরফের উপাদান কীÑ সেসব রহস্যের জট খুলবে বেপিকলম্বো।
সূর্যের টান ঠেলে কঠিন যাত্রা

মহাশূন্যে বুধের কাছে পৌঁছানো মোটেও সহজসাধ্য নয়। গ্রহটি সৌরজগতের কেন্দ্রের খুব কাছে হওয়ায় সূর্যের প্রবল মাধ্যাকর্ষণ বল যেকোনো মহাকাশযানকে অবিশ্বাস্য গতিতে নিজের দিকে টেনে নেয়। ফলে বেপিকলম্বোকে পুরো যাত্রার বড় একটি সময় ব্যয় করতে হয়েছে নিজের গতি কমাতে, যাতে বুধকে পাশ কাটিয়ে সোজা সূর্যের দিকে ছিটকে না পড়ে।
যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমা বান্স বুধের পৃষ্ঠের রাসায়নিক গঠন বিশ্লেষণের যন্ত্র এমআইএক্সএসের প্রধান গবেষক। তিনি দ্য গার্ডিয়ানকে বলেন, ‘আমরা ভীষণ রোমাঞ্চিত, অপেক্ষাটা ছিল অনেক দীর্ঘ। এটি অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং একটি অভিযান।’
এক দেহে দুই যান
বুধের কক্ষপথে পৌঁছালেও বিজ্ঞানীদের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ শুরু হতে আরও কয়েক মাস লাগবে। আগামী ডিসেম্বরের শুরুতে বেপিকলম্বো মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি আলাদা প্রদক্ষিণ যানে ভাগ হয়ে যাবেÑ একটি ইউরোপের, অন্যটি জাপানের। দুটি যান বুধের দুই মেরু ঘিরে ভিন্ন দুটি কক্ষপথে অবস্থান নেবে। আগামী এপ্রিল থেকে পুরোদমে শুরু হবে বৈজ্ঞানিক অনুসন্ধান।
ইউরোপীয় যান মার্কিউরি প্ল্যানেটারি অরবিটার (এমপিও) অতি উচ্চমানের ছবি তুলে বুধের পুরো মানচিত্র আঁকবে এবং এর অভ্যন্তরীণ গঠন খতিয়ে দেখবে। চাঁদের চেয়ে আকারে মাত্র ৫০ শতাংশ বড় হলেও বুধের ভর চাঁদের প্রায় চার গুণ। এত ছোট একটি গ্রহ কেন এতটা নিরেট আর এর ভেতরের কেন্দ্রভাগ কেন অস্বাভাবিক রকমের বিশালÑ সেই ধাঁধার উত্তর খুঁজবে এমপিও। অন্যদিকে জাপানি যানটি পরিমাপ করবে বুধের চৌম্বকক্ষেত্র এবং গ্রহটিকে ঘিরে থাকা সোডিয়াম গ্যাস ও পরমাণুর অতি সূক্ষ্ম আবরণ।
আগুনে দিন আর বরফশীতল রাত
বুধ চরম বৈপরীত্যের এক গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব মাত্র ৩ কোটি ৬০ লাখ মাইল, যা পৃথিবীর দূরত্বের এক-তৃতীয়াংশের সামান্য বেশি। নিজের অক্ষের ওপর একবার ঘুরে আসতে বুধের লাগে পৃথিবীর ৫৮ দিন। এর ফলে গ্রহের যেকোনো একটি প্রান্তে টানা তিন মাস সূর্যের প্রখর আলো থাকে, আর পরের তিন মাস নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। দিনের বেলায় এর পৃষ্ঠের তাপমাত্রা ছাড়িয়ে যায় ৪৫০ ডিগ্রি সেলসিয়াস, অথচ রাতেই তা ঝুপ করে নেমে আসে মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে।
ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) প্রধান প্রকল্প বিজ্ঞানী অধ্যাপক জেরাইন্ট জোনস জানান, আট বছরের দীর্ঘ অপেক্ষাতেও এই বৈজ্ঞানিক ফলাফলের প্রত্যাশাই তাদের উজ্জীবিত রেখেছিল। তার ভাষায়, ‘বহু তরঙ্গদৈর্ঘ্যের ক্যামেরা দিয়ে গ্রহপৃষ্ঠ দেখার পাশাপাশি আমরা বুধের চারপাশের গ্যাসের স্বাদ নেব, চৌম্বকক্ষেত্র অনুভব করব, অতি সংবেদনশীল যন্ত্রে এর অন্দরমহল খুঁড়ে দেখব এবং লেজার রশ্মি দিয়ে পুরো গ্রহের নিখুঁত আকৃতি মাপব।’
ফেরা হবে না আর
প্রায় তিন বছর ধরে বুধের আকাশে ঘুরে ঘুরে অজানা সব তথ্য পৃথিবীতে পাঠিয়ে যাবে ইউরোপ ও জাপানের এই দুই মহাকাশ-দূত। এরপর একসময় ফুরিয়ে যাবে জ্বালানি। ধীরে ধীরে কক্ষপথ থেকে নিচে নেমে এসে বুধের রুক্ষ পাথুরে বুকে আছড়ে পড়ে চিরতরে থেমে যাবে তাদের যাত্রা। শেষ বেলায় তাই অধ্যাপক এমা বান্সের কণ্ঠে খানিকটা বিষাদ, ‘দুঃখের বিষয় হলো, ওরা আর কখনও ফিরে আসবে না।’