প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মিনিট আগে
ভারতের মণিপুরের চন্দেল জেলায় বিষাক্ত মদপানে তিন দিনে আটজনের মৃত্যু হয়েছে। ছবি: ইন্ডিয়া টুডে
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চন্দেল জেলায় বিষাক্ত মদপানে গত তিন দিনে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। মিথানল বিষক্রিয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪০ জন।
শুক্রবার পুলিশের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
পুলিশ জানায়, চন্দেল জেলার চাকপিকারং মহকুমা ও এর আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে। ১৮ নভেম্বর থেকে শুক্রবার পর্যন্ত এই আটজনের মৃত্যু হয়। রাজ্যের শিজা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পান করা বিষাক্ত মদ পাশের কাকচিং জেলার সুগনু থেকে কেনা হয়েছিল। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার পর স্থানীয়ভাবে তৈরি বা সন্দেহজনক উৎসের মদ পান করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে বাসিন্দাদের সতর্ক করেছে পুলিশ।