× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রয়টার্সের অনুসন্ধান

কলঙ্ক মুছে ফেরার লড়াই: রাশিয়ার প্রতি কেন ঝুঁকেছিলেন এপস্টাইন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৯ মিনিট আগে

জেফরি এপস্টাইন। ছবি: রয়টার্স

জেফরি এপস্টাইন। ছবি: রয়টার্স

আমেরিকান অর্থলগ্নিকারী ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের মাথায় একবার এক অদ্ভুত খেয়াল চেপেছিল। এক ইন্টেরিয়র ডিজাইনার তাকে পরামর্শ দেন, নিউইয়র্কের ম্যানহাটনে তার বিলাসবহুল বাসভবনের সিঁড়িঘরের দেয়াল যেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বিখ্যাত আলেকজান্ডার প্রাসাদের ঐতিহাসিক ‘মভ রুম’-এর মতো ফিকে বেগুনি রঙে রাঙানো হয়। সেই ঐতিহাসিক কক্ষটি নিজের চোখে দেখতে ব্যাকুল হয়ে ওঠেন এপস্টাইন।

সেই খেয়াল মেটাতে ২০০২ সালের নভেম্বর মাসে নিজস্ব ব্যক্তিগত বিমানে চড়ে রাশিয়ায় যান তিনি। মার্কিন বিচার বিভাগ ও ফরাসি কৌঁসুলিদের নথি এবং ওই ভ্রমণ সম্পর্কে অবগত সূত্রের বরাতে জানা যায়, সেই সফরে তার সঙ্গী ছিলেন ব্রিটিশ অভিজাত নারী গিসলেইন ম্যাক্সওয়েল এবং ফরাসি মডেল স্কাউট জঁ-লুক ব্রুনেল।

মস্কোতে যাত্রাবিরতির সময় এপস্টাইন, ম্যাক্সওয়েল ও ব্রুনেল বুলেটপ্রুফ গাড়ি ও সশস্ত্র দেহরক্ষী নিয়ে ম্যাক্সওয়েলের ঘনিষ্ঠ বন্ধু ও ধনী চেচেন ব্যবসায়ী উমর জাবরাইলোভের সঙ্গে এক রেস্তোরাঁয় নৈশভোজে অংশ নেন। ভোজ শেষে এপস্টাইন তার গাড়িচালককে মস্কোর ব্যস্ত তিভারস্কায়া সড়ক দিয়ে গাড়ি চালাতে বলেন, যাতে রাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা যৌনকর্মীদের তিনি দেখতে পারেন।

রাশিয়ায় এপস্টাইনের দুটি সফরের তথ্য আগেই ফ্লাইট নথিতে জানা গিয়েছিল। তবে তিনি কেন সেখানে গিয়েছিলেন এবং কীভাবে এই সফরের মাধ্যমে রাশিয়ার সঙ্গে তার সংযোগ গভীর হয়েছিল—তা নিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক দীর্ঘ অনুসন্ধানে বিশদ তথ্য প্রকাশ করেছে। অনুসন্ধানে দেখা গেছে, তরুণী ও কিশোরীদের প্রতি বিকৃত আকর্ষণ দিয়ে রাশিয়ার সঙ্গে এপস্টাইনের যে সম্পর্কের সূচনা হয়েছিল, তা পরবর্তীতে দেশটির ক্ষমতাধর অলিগার্ক ও ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি এবং খোদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার এক সুদূরপ্রসারী মরিয়া প্রচেষ্টায় রূপ নেয়।

২০১৯ সালে কারাগারে এপস্টাইনের রহস্যজনক মৃত্যুর পরও তাকে ঘিরে মার্কিন কংগ্রেসীয় তদন্ত, আইনি লড়াই এবং জনপরিসরে তীব্র কৌতূহল অব্যাহত রয়েছে। যৌন নির্যাতন ও পাচারের শিকার নারীরা এখনো সুবিচারের লড়াই চালাচ্ছেন। এর মধ্যেই একটি বড় প্রশ্ন বারবার সামনে এসেছে—রাশিয়ার সঙ্গে এপস্টাইনের প্রকৃত সম্পর্ক কী ছিল? স্পষ্ট তথ্যের অভাবে ছড়িয়েছিল নানা ষড়যন্ত্র তত্ত্ব। গুঞ্জন উঠেছিল, এপস্টাইন হয়তো সোভিয়েত বা রুশ গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন; যার সূত্রপাত হয়েছিল গিসলেইন ম্যাক্সওয়েলের প্রয়াত বাবা, ব্রিটিশ মিডিয়া মোগল ও সাবেক গুপ্তচর রবার্ট ম্যাক্সওয়েলের হাত ধরে।

চলতি বছরের মার্চে এক বক্তব্যে মার্কিন সিনেটর শেলডন হোয়াইটহাউস বলেছিলেন, “এপস্টাইন সম্পর্কে অনেক কিছুই অজানা। আর বারবার বিষয়টি ঘুরেফিরে রাশিয়ার দিকেই ইঙ্গিত করে।”

তবে রয়টার্স তাদের অনুসন্ধানে এমন কোনো প্রমাণ পায়নি যে এপস্টাইন রুশ গোয়েন্দা সংস্থার চর ছিলেন, রুশ সরকারের পক্ষে কাজ করেছিলেন কিংবা শেষ পর্যন্ত পুতিনের সঙ্গে সরাসরি দেখা করতে পেরেছিলেন। এপস্টাইনের সঙ্গে রাশিয়াকেন্দ্রিক সংশ্লিষ্ট দুই ডজনেরও বেশি ব্যক্তির সাক্ষাৎকার, মার্কিন বিচার বিভাগের শত শত পৃষ্ঠার নথি, ফ্লাইট লগ ও ইমেইল পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে। তবে ক্রেমলিন এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

অনুসন্ধানে দেখা গেছে, রাশিয়ায় এপস্টাইনের প্রাথমিক আগ্রহ ছিল মূলত যৌন শিকারির মতো—মডেলিংয়ের সুযোগের টোপ দিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে অপ্রাপ্তবয়স্ক কিশোরী ও তরুণীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত অঞ্চলের অন্তত ১৭ জন নারীকে চিহ্নিত করেছে রয়টার্স, যারা এপস্টাইনের যৌন পাচার চক্রের ফাঁদে পড়েছিলেন।

কিন্তু ২০০৮ সালে ফ্লোরিডায় অপ্রাপ্তবয়স্ক কিশোরী দিয়ে যৌন ব্যবসার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ১৩ মাস জেল খাটার পর, এপস্টাইন অভিজাত সমাজে নিজের হারানো মর্যাদা ফিরে পাওয়ার একটি বড় পথ হিসেবে রাশিয়াকে বেছে নেন। 

নিজের সামাজিক ভাবমূর্তি পুনরুদ্ধারের পাশাপাশি তরুণীদের পাচারের প্রক্রিয়াও তিনি আগের মতোই চালিয়ে যান।

নথিপত্র অনুযায়ী, ২০০২ থেকে ২০১৯ সালের মধ্যে বেশিরভাগ সময়ই এপস্টাইনের কাছে রাশিয়ার ভিসা ছিল। সেন্ট পিটার্সবার্গে যাওয়ার আগে ১৯৯৮ সালে তিনি রাশিয়ার সামরিক-শিল্প শহর ‘সারভ’ পরিদর্শন করেছিলেন। শহরটি এতটাই গোপন ছিল যে কয়েক দশক ধরে দেশটির মানচিত্রেও এর অস্তিত্ব দেখানো হয়নি। ২০০২ সালের সফরে তিনি সেন্ট পিটার্সবার্গের ক্যাথেরিন প্রাসাদ পরিদর্শন করেছিলেন, যেখানে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন পুতিন।

তবে এপস্টাইনের এই রহস্য উদ্ঘাটনে বড় বাধা হলো, এর সঙ্গে জড়িত কেন্দ্রীয় অনেক চরিত্রই আজ আর বেঁচে নেই। ২০১৯ সালের আগস্টে নিউইয়র্কের কারাগারে এপস্টাইনের মৃত্যুর কারণ হিসেবে ‘আত্মহত্যা’ বলা হয়েছিল। একইভাবে ২০২২ সালে প্যারিসের কারাগারে মারা যান ব্রুনেল। আর চলতি বছরের মার্চে এপস্টাইন ফাইলে নাম আসার কয়েক সপ্তাহ পরই মস্কোর ফ্ল্যাটে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায় চেচেন ব্যবসায়ী জাবরাইলভকে, যা পুলিশি তদন্তে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়।

অন্যদিকে, কিশোরীদের যৌন নির্যাতনে সহায়তা করার অপরাধে টেক্সাসের ফেডারেল কারাগারে ২০ বছরের সাজা ভোগ করছেন ম্যাক্সওয়েল। তিনি দাবি করেছেন, তার বাবার সঙ্গে এপস্টাইনের কখনো দেখা হয়নি।

মডেলিংয়ের আড়ালে তরুণীদের ফাঁদ

১৯৮৯ সালের নভেম্বরে বার্লিন প্রাচীর পতনের পর সাবেক সোভিয়েত অঞ্চলের দেশগুলোতে পশ্চিমা মডেল স্কাউটদের আনাগোনা বেড়ে যায়। এই সুযোগে ফরাসি মডেল স্কাউট জঁ-লুক ব্রুনেল পূর্ব ইউরোপ ও রাশিয়া থেকে তরুণীদের ফ্রান্সে নিয়ে আসতেন।

১৯৯১ সালের সেপ্টেম্বর মাসে প্যারিসে ব্রুনেলের ফ্ল্যাটে আয়োজিত এক পার্টির কথা স্মরণ করে সাবেক ডাচ মডেল থাইসিয়া হুইসম্যান জানান, সেখানে ১৩-১৪ বছর বয়সী এক রুশ কিশোরী সারা সন্ধ্যা এপস্টাইনের কোলে বসে ছিল। হুইসম্যান বলেন, “মেয়েটি জানিয়েছিল যে মডেলিংয়ের কাজ ভালো না, তবে ‘জেফরি আমার দেখাশোনা করে’। দৃশ্যটি ছিল অত্যন্ত অস্বস্তিকর।”

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময় এপস্টাইন অন্তর্বাস ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেটের কর্ণধার লেস ওয়েক্সনারের আর্থিক উপদেষ্টা হিসেবে কোটি কোটি ডলারের মালিক হয়ে ওঠেন। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে নিউইয়র্কে এপস্টাইনের বাড়িটি হয়ে ওঠে ধনকুবের, হলিউড তারকা ও প্রভাবশালী রাজনীতিবিদদের আড্ডাস্থল।

সেখানে ১৯৯৩ সালের মিস রাশিয়া প্রতিযোগিতার রানার্সআপ আনা মালোভাসহ বিভিন্ন রুশ মডেলের নিয়মিত যাতায়াত ছিল। ১৯৯৮ সালে ব্রুনেল মালোভাকে নিউইয়র্কে মডেলিং এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ করান। ১৯৯৯ সালের ফ্লাইটের নথিতে দেখা যায়, এপস্টাইনের ব্যক্তিগত বিমানে মালোভা, ম্যাক্সওয়েল এবং ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু (অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর) একসঙ্গে ভ্রমণ করেছিলেন।

গোপন পরমাণু শহরে সফর

১৯৯৮ সালের এপ্রিলে এপস্টাইন রাশিয়ার অতিগোপনীয় পরমাণু অস্ত্র তৈরির শহর ‘সারভ’ সফর করেন। মাইক্রোসফটের তৎকালীন শীর্ষ নির্বাহী নাথান মাইরভোল্ডের নেতৃত্বাধীন একটি প্রযুক্তি প্রতিনিধিদলের সঙ্গে তিনি সেখানে যান। সেই প্রতিনিধিদলে থাকা এক প্রযুক্তি সাংবাদিক জানান, এপস্টাইন মূলত কৌতূহল থেকেই সফরে যোগ দেন এবং এক রুশ বিজ্ঞানীর কাছে জানতে চেয়েছিলেন, তিনি শেষ কবে বেতন পেয়েছিলেন।

২০০১ সালে সেন্ট ট্রোপেজে ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেলের জন্মদিনের পার্টিতে ধনকুবের জাবরাইলোভের সঙ্গে এপস্টাইনের সখ্য গড়ে ওঠে। সেখানে তৎকালীন ১৭ বছর বয়সী ভার্জিনিয়া জুফ্রেও উপস্থিত ছিলেন, যাঁকে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে এনে এপস্টাইনের চক্রের সঙ্গে যুক্ত করা হয়েছিল। জুফ্রে পরবর্তীতে এপস্টাইনের বিরুদ্ধে প্রিন্স অ্যান্ড্রুসহ ক্ষমতাধর ব্যক্তিদের কাছে তাকে পাচার করার অভিযোগ আনেন। (জুফ্রে গত বছর আত্মহত্যা করেন)।

তরুণী সংগ্রহের ‘পাইপলাইন’ ও দাসত্বের জীবন

২০০৩ সালে ব্রুনেল মায়ামিতে ‘কেয়ারিন মডেলস অব আমেরিকা’ নামের একটি সংস্থা প্রতিষ্ঠা করেন, যার নাম পরে রাখা হয় ‘এমসি২ মডেলস’। এপস্টাইন এই এজেন্সির জন্য ৩ লাখ ডলার ঋণের জামিনদার হন। এই এজেন্সি রাশিয়া থেকে বহু তরুণীকে প্রলোভন দেখিয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে আসত এবং এপস্টাইন তাদের বসবাসের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করতেন।

তেমনই একজন রুশ তরুণী সভেতলানা পজিদায়েভা। ভিক্টোরিয়াস সিক্রেটে কাজের লোভ দেখিয়ে ২০০৮ সালে তাকে প্যারিস থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। পরে তিনি এপস্টাইনের ব্যক্তিগত সহকারী হন। পজিদায়েভা জানান, তার মূল কাজ ছিল এপস্টাইনকে ম্যাসাজ করা এবং সেখানে তিনি নিয়মিত যৌন নির্যাতনের শিকার হতেন। ভিসা, বাসস্থান এবং যাবতীয় খরচের জন্য এপস্টাইনের ওপর নির্ভরশীল থাকায় তিনি একপর্যায়ে দাসত্বের ফাঁদে বন্দি হয়ে পড়েন।

পজিদায়েভা অভিযোগ করেন, ওজন নিয়ে এপস্টাইনের মানসিক চাপের কারণে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। এপস্টাইনের রাজনৈতিক প্রভাব ও রুশ সংযোগের কারণে তিনি সবসময় আতঙ্কে থাকতেন যে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার পরিবারের ক্ষতি হতে পারে।

নথিপত্র ঘেঁটে দেখা যায়, এপস্টাইনের জীবনের শেষ দশকে অন্তত নয়জন রুশ নারী তাদের পরিচিত অন্যান্য তরুণীদের এপস্টাইনের লালসার মুখেঠেলে দিয়েছিলেন।

পুতিনের দরবারে পৌঁছানোর মরিয়া চেষ্টা

২০০৮ সালের যৌন অপরাধ মামলায় সাজাভোগ শেষে ফ্লোরিডায় গৃহবন্দিত্ব কাটানোর পর রুশ ধনকুবেরদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ মারাত্মকভাবে বেড়ে যায়। তিনি তাদের কাছে নিজেকে একজন শীর্ষ আর্থিক ও বিনিয়োগ বিশেষজ্ঞ হিসেবে তুলে ধরতেন। রুশ রিয়েল এস্টেট টাইকুন ভ্লাদিস্লাভ দরোনিন এবং মেটাল টাইকুন ওলেগ ডেরিপাস্কার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেন তিনি।

২০১১ সালের সেপ্টেম্বরে এপস্টাইন আবার রাশিয়া সফরের পরিকল্পনা করেন। মার্কিন বিচার বিভাগের ইমেইল অনুযায়ী, এপস্টাইনের রুশ দেহরক্ষী ইগোর জিনোভিয়েভ এক কর্মীকে জানিয়েছিলেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের সূচি নির্ধারিত হয়েছে। তবে শেষ পর্যন্ত সফরটি বাতিল হয় এবং এপস্টাইনের ঘনিষ্ঠরা জানান, পুতিনের সঙ্গে বৈঠকের দাবিটি পুরোপুরি ভুয়া ও সাজানো ছিল।

২০১৪ সালে প্যারিসে রাশিয়ার তৎকালীন উপ-অর্থনীতিবিষয়ক মন্ত্রী সের্গেই বেলিয়াকভের সঙ্গে এপস্টাইনের পরিচয় হয়। ২০১৫ সালে বেলিয়াকভকে নিউইয়র্কের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। এর পরপরই তিনি বারাককে অনুরোধ করেছিলেন বেলিয়াকভের মাধ্যমে পুতিনের কাছে তার নাম সুপারিশ করতে। এপস্টাইন লিখেছিলেন, “আপনি বেলিয়াকভকে একটি বার্তা পাঠান যে, বৈশ্বিক অর্থনীতি ও মুদ্রাব্যবস্থা নিয়ে আলোচনা করতে জেফরির সঙ্গে কিছুটা সময় কাটালে পুতিন এবং তার উপদেষ্টারা উপকৃত হবেন।” তবে বারাক সেই বার্তা পুতিন পর্যন্ত পাঠাননি।

এ ছাড়া এপস্টাইন সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ ব্যবসায়ী ও বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’-এর তৎকালীন চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েমকেও কাজে লাগানোর চেষ্টা করেছিলেন। ২০১৫ সালে সুলায়েম যখন পুতিনের সঙ্গে বৈঠকের জন্য মস্কো যান, তখন এপস্টাইন তার রুশ সহকারীর ভাইয়ের চাকরির জন্য সুলায়েমের কাছে তদবির করেন। এপস্টাইনের সঙ্গে সংশ্লিষ্টতা ফাঁস হওয়ার পর গত ফেব্রুয়ারিতে সুলায়েম ডিপি ওয়ার্ল্ড থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

ব্যর্থ চেষ্টা ও দীর্ঘস্থায়ী ক্ষত

রুশ নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে অভিজাত সমাজে নিজের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের এপস্টাইনের এই আপ্রাণ চেষ্টা বাস্তবে কোনো বড় চুক্তি বা রাজনৈতিক প্রভাব ফেলতে পারেনি। পুতিন ও এপস্টাইন উভয়কেই চেনেন এমন একটি সূত্র নিশ্চিত করেছে, জীবনে কখনো তাদের দুজনের সরাসরি সাক্ষাৎ হয়নি।

আন্তর্জাতিক ভূরাজনীতিতে প্রভাব ফেলতে ব্যর্থ হলেও নিজের লালসা ও উচ্চাকাঙ্ক্ষার সিঁড়ি হিসেবে ব্যবহার করার জন্য পেছনে তিনি রেখে গেছেন অসংখ্য নির্যাতিত রুশ নারীর কান্না, যারা আজও সুবিচারের অপেক্ষায় প্রহর গুনছেন। আর নিউইয়র্কের ম্যানহাটনে এপস্টাইনের সেই বিলাসবহুল বাড়ির প্রধান সিঁড়ির দেয়ালে আজও শোভা পাচ্ছে সেন্ট পিটার্সবার্গের সেই রাজপ্রাসাদের অনুকরণে তৈরি ফিকে বেগুনি রং—যা এক যৌন শিকারির বিকৃত ক্ষমতা ও মোহের নীরব প্রতীক হয়ে রয়ে গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা