× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরমাণু সংঘাত রুখতে ঐক্য তিন মোড়লের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

পরমাণু সংঘাত রুখতে ঐক্য তিন মোড়লের

বিশ্বের প্রধান তিন পরমাণু পরাশক্তিÑ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা একই টেবিলে বসে রচনা করলেন আন্তর্জাতিক কূটনীতির এক অভূতপূর্ব অধ্যায়। চীনের প্রযুক্তি নগরী শেনঝেনে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের সমাপনীতে বহুল কাঙ্ক্ষিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ ‘শান্তি ঘোষণা’ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

‘পরমাণু যুদ্ধে কখনোই জয়ী হওয়া সম্ভব নয় এবং এই যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়’Ñ এই মূল নীতির ওপর দাঁড়িয়ে পরমাণু অস্ত্রের ঝুঁকি কমানোর ব্যাপারা তারা একমত হয়েছেন। বিশ্ববাজারে জ্বালানি তেলের সুষম সরবরাহ নিশ্চিত করা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এখতিয়ারবহির্ভূত হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন এই তিন বিশ্বমোড়ল। এ বৈঠককে ‘ইতিহাস সৃষ্টি’ বলে অভিহিত করেছেন ট্রাম্প; অন্যদিকে শি একে ‘গঠনমূলক ও ফলপ্রসূ’ এবং পুতিন একে বৈশ্বিক নিরাপত্তার ‘নতুন ভিত্তি’ বলে উল্লেখ করেছেন। খবর দ্য গার্ডিয়ান ও আল জাজিরার।

ট্রাম্পের এই চীন সফর এবং শি-পুতিনের সঙ্গে অভাবনীয় এই ত্রিপক্ষীয় সাক্ষাৎ বিশ্বরাজনীতিতে এক নতুন ‘জি-৩’ জোটের জল্পনা উস্কে দিয়েছে। আগামী মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। আইসিসির পরোয়ানা এড়িয়ে মার্কিন মাটিতে পুতিন শেষ পর্যন্ত যাবেন কি না, তা নিয়ে নানা সমীকরণ রয়েছে। তবে শেনঝেনের এই ঐক্য স্পষ্ট বার্তা দিয়েছে, আগামীর বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার দিকনির্দেশনা এখন থেকে এই তিন মেরু থেকেই নিয়ন্ত্রিত হতে যাচ্ছে।

শেনঝেনের ঐতিহাসিক এই বৈঠকে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে পরমাণু সংঘাত প্রতিরোধ ও অস্ত্র কমানোর বিষয়টি। আলোচনার পর রাশিয়ার বার্তা সংস্থা তাস ও চীনের সিনহুয়ায় প্রকাশিত যৌথ ঘোষণায় উল্লেখ করা হয়, বিশ্বশান্তি রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ও চীন নিয়মিত কৌশলগত সংলাপে যুক্ত থাকবে। বর্তমানে হাজারো পরমাণু অস্ত্রের মালিক যুক্তরাষ্ট্র ও রাশিয়া; অন্যদিকে চীনের হাতে রয়েছে ৬০০ পরমাণু অস্ত্র। বৈঠকের পর শি স্পষ্ট ভাষায় বলেন, ‘পরমাণু যুদ্ধ সম্পূর্ণ প্রতিরোধ করতে হবে এবং এই ধ্বংসাত্মক অস্ত্র পুরোপুরি নির্মূল করার লক্ষ্যে সব কূটনৈতিক উদ্যোগ জোরদার করা প্রয়োজন।’ ট্রাম্পও এই মতের সঙ্গে সায় দিয়ে বলেন, ‘আমরা তিন দেশ পরমাণু অস্ত্রের মজুদ কমানোর বিষয়ে আলোচনার জন্য এক অনন্য অবস্থানে রয়েছি। তবে পরমাণু অস্ত্র সম্পূর্ণ ত্যাগ করা মোটেই সহজ কাজ নয়।’ তা সত্ত্বেও বিশ্বশান্তির স্বার্থে এ সুযোগ কাজে লাগানোর তাগিদ দেন মার্কিন প্রেসিডেন্ট।

রাষ্ট্রপ্রধানদের সুরক্ষায় একাট্টা অবস্থান

যৌথ ঘোষণাপত্রের অন্যতম স্পর্শকাতর দিক ছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও অনুরূপ বিচারিক সংস্থাগুলোর সমালোচনা। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনÑ কোনো দেশই রোম সনদের অধীনে আইসিসির পূর্ণাঙ্গ সদস্য নয়। যৌথ ঘোষণায় স্পষ্ট বলা হয়, আইসিসি ও সমগোত্রীয় প্রতিষ্ঠানগুলোকে কোনোভাবেই তাদের ক্ষমতার অপব্যবহার করতে দেওয়া যাবে না। সার্বভৌম রাষ্ট্রের সম্মতি ও রাষ্ট্রপ্রধানদের আইনি সুরক্ষার নীতিকে পুরোপুরি সম্মান জানানোর ওপর জোর দেন তিন নেতা। মূলত আফগানিস্তান ও গাজায় যুদ্ধাপরাধের তদন্ত এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারির পর ট্রাম্প প্রশাসন আইসিসির শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে আইসিসির পরোয়ানা রয়েছে এবং চীনের ক্ষেত্রেও বিভিন্ন মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা ছিল। ফলে নিজেদের প্রভাব অক্ষুণ্ন রাখতে ও অভ্যন্তরীণ সার্বভৌমত্ব রক্ষায় তিন পরাশক্তিই এবার আইসিসির এখতিয়ারের বিরুদ্ধে যৌথ প্রাচীর গড়ে তুলল।

জ্বালানি নিরাপত্তা ও জাতিসংঘ সংস্কার

বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক টানাপড়েন ও মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাকে এই বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা করা হয়। যৌথ ঘোষণায় বলা হয়, বিশ্বের সব দেশের স্বার্থে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে যৌথভাবে কাজ করবে ওয়াশিংটন, বেইজিং ও মস্কো। বিশ্ব অর্থনীতি ও পরিবহনের শৃঙ্খলা বজায় রাখতে তেল সরবরাহের রুটগুলো নিরাপদ রাখা জরুরি বলে একমত হয়েছেন তিন প্রধান। এর পাশাপাশি পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা ও উদীয়মান সংকটগুলো মোকাবিলায় জাতিসংঘকে আরও কার্যকর ও শক্তিশালী করতে এই সংস্থায় ব্যাপক কাঠামোগত সংস্কার আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তিন দেশ।

পুতিনের কূটনৈতিক জয়

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব থেকে মস্কোকে একঘরে করে রাখার যে বৈশ্বিক চেষ্টা চলছিল, এই ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে নিজেকে বিশ্বমঞ্চের এক সমকক্ষ ও অপরিহার্য চালিকাশক্তি হিসেবে উপস্থাপন করতে পেরেছেন পুতিন। কিয়েভ বা ইউরোপীয় নেতাদের সম্পূর্ণ বাইরে রেখে সরাসরি ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে এক টেবিলে বসে পুতিন প্রমাণ করেছেন, নতুন বিশ্বব্যবস্থায় রাশিয়াকে বাদ দিয়ে কোনো স্থায়ী সিদ্ধান্ত সম্ভব নয়। রুশ প্রেসিডেন্ট ইন্টারফ্যাক্সকে বলেন, ‘আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা অনেকাংশেই রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের যৌথ দায়িত্ব ও সম্পর্কের ওপর নির্ভর করে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা