আনাদোলু
প্রকাশ : ১২ মিনিট আগে
ছবি: আনাদোলুৃ
চীনের শেনঝেন শহরে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটিই এই তিন বৈশ্বিক নেতার মধ্যকার প্রথম আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় আলোচনা।
আজ বৃহস্পতিবার আয়োজিত এই বৈঠকে নেতারা পরমাণু নিরস্ত্রীকরণ, বৈশ্বিক নিরাপত্তা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় (স্থানীয় সময় বিকেল সাড়ে চারটা) শুরু হওয়া এই বৈঠক প্রায় ৮০ মিনিট চলার পর বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫০ মিনিটে (স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিট) শেষ হয়। মূল রুদ্ধদ্বার আলোচনায় যাওয়ার আগে প্রায় ১৫ মিনিটব্যাপী একটি মিডিয়া সেশনে তিন নেতাই বক্তব্য দেন।
বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘ইতিবাচক মিথস্ক্রিয়া’ কোনো ‘বিকল্প নয়, বরং একটি আবশ্যিক বিষয়’। তিনি পরাশক্তি হিসেবে দেশগুলোর বৈশ্বিক দায়িত্বের ওপর জোর দেন। একই সঙ্গে যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যমে তিন দেশকে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান শি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্রের মজুত হ্রাস এবং এগুলোর ব্যবহারের ঝুঁকি কমানোর বিষয়ে আলোচনার জন্য ওয়াশিংটন, মস্কো ও বেইজিং একটি ‘অনন্য অবস্থানে’ রয়েছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত চীনের কাছে আনুমানিক ৬২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে ৫ হাজার ৪২টি এবং রাশিয়ার কাছে ৫ হাজার ৪২০টি পারমাণবিক ওয়ারহেড। তবে নিজেদের পারমাণবিক অস্ত্রের পরিমাণ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক কম উল্লেখ করে অতীতে পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনায় অংশ নেওয়ার আহ্বান বারবার প্রত্যাখ্যান করেছে চীন।
অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, গঠনমূলক সহযোগিতার মাধ্যমে এই তিন দেশ বৈশ্বিক স্থিতিশীলতা জোরদারে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। তিনি চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আঞ্চলিক বিরোধগুলো নিরসনে তাদের অভিন্ন স্বার্থের কথাও তুলে ধরেন।
বুধবার শুরু হওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে চীন। ২১টি সদস্য অর্থনীতির নেতা ও প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই সম্মেলনের ফাঁকেই শেনঝেনে ঐতিহাসিক এই বৈঠকে মিলিত হন তিন নেতা।