× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন মোড়লের হলো দেখা

ফসিহ উদ্দীন মাহতাব, চীন থেকে

প্রকাশ : ১৭ মিনিট আগে

চীনের শেনঝেনে ত্রিপক্ষীয় বৈঠকের আগে বুধবার ট্রাম্প, শি ও পুতিন। ছবি: সিনহুয়া

চীনের শেনঝেনে ত্রিপক্ষীয় বৈঠকের আগে বুধবার ট্রাম্প, শি ও পুতিন। ছবি: সিনহুয়া

এক বিরল ও ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। চীনের প্রযুক্তি নগরী শেনঝেনে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক গালা নৈশভোজের ঠিক আগে এক লাল গালিচায় একই ফ্রেমে দেখা গেল বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর তিন বিশ্বমোড়লকেÑ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও স্বাগতিক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল বুধবার সন্ধ্যায় শেনঝেনে এই তিন পরাশক্তি প্রধানের কুশল বিনিময় ও করমর্দনের মধ্য দিয়ে সূচিত হলো বৈশ্বিক কূটনীতির এক নতুন অধ্যায়। সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকালে শেনঝেনের অত্যন্ত সুরক্ষিত কিলিন ভিলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাম্প, পুতিন ও শির বহুল আলোচিত ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক।

শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান শেনঝেনের বাওয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তাকে লাল গালিচায় সশরীর অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট শি। সুনির্দিষ্ট কূটনৈতিক প্রোটোকল ভেঙে ট্রাম্পকে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনা জানান শি, যাকে আন্তর্জাতিক বিশ্লেষকেরা বেইজিংয়ের ‘কূটেনৈতিক মনস্তাত্ত্বিক মনোযোগ’ হিসেবে দেখছেন।

শেনঝেনে নামার আগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ২১ ঘণ্টার সফর শেষ করেন ট্রাম্প। সেখানে আসিয়ান শীর্ষ সম্মেলন, কোয়াড নেতাদের সঙ্গে বৈঠক এবং থাইল্যান্ড ও ফিলিপাইনের সঙ্গে বাণিজ্যিক সমঝোতার চুক্তি সই করেন তিনি। সফরে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র রাতে ট্রাম্পের বহরের জন্য স্থানীয় জনপ্রিয় জলিবি ফ্রাইড চিকেন উপহার পাঠিয়ে এক অনানুষ্ঠানিক আতিথেয়তার আমেজ তৈরি করেছিলেন।

ট্রাম্প চীনে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই শেনঝেনে পা রাখেন প্রেসিডেন্ট পুতিন। বিমানবন্দরে নামার পর তাকে স্বাগত জানান শি এবং পরে দুজন দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। শি সেখানে পুতিনকে তার ‘পুরনো বন্ধু’ হিসেবে সম্বোধন করেন। জবাবে পুতিন বলেন, দুই দেশের যৌথ পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সফলভাবে কাজ করছে। ক্রেমলিন-ঘনিষ্ঠ রুশ সংবাদমাধ্যমগুলো ইতোমধ্যেই এই সফরকে পুতিনের এক বড় ‘কূটনৈতিক বিজয়’ বলে তুলে ধরছে।

এরপর সন্ধ্যায় এপেক সম্মেলনের নৈশভোজের আগে শেনঝেনের সম্মেলন কেন্দ্রে শি ও তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন ট্রাম্প। এমন সময় সেখানে এসে পৌঁছেন পুতিন। ট্রাম্প ও পুতিন, যারা ২০২৫ সালের আগস্টে আলাস্কা শীর্ষ সম্মেলনের পর আর মুখোমুখি হননিÑ একে অপরের সঙ্গে অত্যন্ত উষ্ণভাবে হাত মেলান এবং কাঁধ চাপড়ে কুশল বিনিময় করেন। এই প্রথম ট্রাম্প, পুতিন ও শিকে একই ফ্রেমে প্রকাশ্যে দেখা যায়। 

কিলিন ভিলায় ত্রিপক্ষীয় বৈঠক

গেল। তিন মোড়লের দেখা হলো। তবে কথা হবে আজ। বিকালে শেনঝেনের অত্যন্ত সুরক্ষিত কিলিন ভিলায় বসছে তিন পরাশক্তির বহু কাঙ্ক্ষিত রুদ্ধদ্বার বৈঠক। ১৯৯৭ সালে নির্মিত এই সরকারি অবকাশযাপন কেন্দ্রটি সব সময় চীনের শীর্ষ নেতৃত্ব ও বিদেশি বিশিষ্ট অতিথিদের আতিথ্য দিয়ে আসছে। বিমানবন্দর ও মূল শহর থেকে দূরত্ব কম হওয়া এবং নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা সহজ বলেই এই স্থানটিকে বেছে নেওয়া হয়েছে।

আনুষ্ঠানিক কোনো বিশাল কনফারেন্স হলের বদলে কিলিন ভিলার মতো তুলনামূলক একান্ত স্থান বেছে নেওয়ার অর্থ হলোÑ বেইজিং এটিকে একটি ‘কার্যকরী পার্শ্ব বৈঠক’ হিসেবে দেখাতে চায়। এতে করে আজ এক ঘণ্টার এই বৈঠক থেকে কোনো বাস্তবসম্মত বড় চুক্তি বা আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পক্ষগুলোর ওপর রাজনৈতিক ব্যর্থতার দায়ভার চাপবে না। আজ বিকালের এই বৈঠকে পরমাণু অস্ত্র হ্রাস, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ, সর্বাধুনিক এআই চিপের নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ এবং ইউক্রেন সংকটের মতো সংবেদনশীল বিষয়গুলো আলোচনার টেবিলে ওঠার কথা রয়েছে।

বন্ধুত্ব ও বৈরিতার জটিল সমীকরণ

তিন পরাশক্তির এই এক টেবিলে বসা কেবল কূটনৈতিক সৌজন্যের বিষয় নয়, বরং এক জটিল স্বার্থ ও বলয় রক্ষার হিসাবনিকাশ। একদিকে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে দীর্ঘদিনের শুল্কযুদ্ধ, প্রযুক্তি প্রতিযোগিতা ও চিপ পাচার নিয়ে কড়াকড়ি চলছে। শি উন্মুক্ত বিশ্ববাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানালেও মার্কিন প্রশাসনের শুল্কনীতি দুই দেশের মনস্তাত্ত্বিক দূরত্ব বজায় রেখেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি সম্প্রতি বাতিল হওয়ার পর দুই দেশের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা থামানো নিয়ে আন্তর্জাতিক সংশয় রয়েছে। ট্রাম্প চাচ্ছেন চীন ও রাশিয়াকে এক ছাতার নিচে এনে নতুন পরাশক্তি পরমাণু চুক্তি করতে, কিন্তু বেইজিং নিজেদের পরমাণু অস্ত্রাগার যুক্তরাষ্ট্র বা রাশিয়ার চেয়ে ছোট দাবি করে এতে যুক্ত হতে বরাবরই অনীহা প্রকাশ করছে। আবার ইউক্রেন ও ইরান ইস্যুতে মস্কো ও বেইজিং নিজেদের বাণিজ্যিক ও কৌশলগত মিত্রতা বজায় রাখলেও যুক্তরাষ্ট্র তাদের সেখানে কতটা পাশে পাবে, তা প্রশ্নসাপেক্ষ। 

ইউরোপের উদ্বেগ

তিন পরাশক্তির এই বৈঠক ঘিরে সবচেয়ে বেশি উদ্বেগে ভুগছে ইউরোপীয় ইউনিয়ন, ইউক্রেন, তাইওয়ান ও বাল্টিক অঞ্চলের দেশগুলো। আন্তর্জাতিক কূটনীতির একটি বহুল প্রচলিত কথা হলো, ‘আপনি যদি আলোচনার টেবিলে না থাকেন, তবে আপনি মূল মেন্যুর ওপর আছেন।’

পশ্চিমা পররাষ্ট্র বিশেষজ্ঞরা শেনঝেনের এই বৈঠককে ১৯৪৫ সালের ঐতিহাসিক ইয়াল্টা কনফারেন্সের সঙ্গে তুলনা করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্বে ইউক্রেনের ইয়াল্টায় মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও সোভিয়েত প্রধান স্ট্যালিন যেভাবে নিজেদের মধ্যে প্রভাব বলয় ভাগ করে নিয়েছিলেন, আজও সেরকম কিছু ঘটে কি নাÑ সেই আতঙ্ক গ্রাস করেছে ইউরোপকে। টেবিলে কিয়েভের কোনো প্রতিনিধি না থাকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রকাশ্যে ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছেন। ইউরোপের ভয়, ট্রাম্প হয়তো পুতিন ও শির সঙ্গে নিজেদের বাণিজ্যিক বা কৌশলগত কোনো সুবিধার বিনিময়ে ইউক্রেন, তাইওয়ান বা পূর্ব ইউরোপের নিরাপত্তা স্বার্থ বিকিয়ে দেবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা