× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান: সিএনএন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মিনিট আগে

আকাশ থেকে দেখা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। ১৩ অক্টোবর তোলা। ছবি: সল লোয়েব/এএফপি/গেটি ইমেজেস

আকাশ থেকে দেখা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। ১৩ অক্টোবর তোলা। ছবি: সল লোয়েব/এএফপি/গেটি ইমেজেস

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তথাকথিত ‘ডার্টি বোমা’ (তেজস্ক্রিয় উপাদানযুক্ত বোমা) বা রাসায়নিক অস্ত্র বিস্ফোরণ ঘটিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিশানা করার পরিকল্পনা তৈরি করছে ইরান। যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা তথ্যে এমন ইঙ্গিত মিলেছে বলে দেশটির সাতজন কর্মকর্তার বরাতে এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

তবে ইরান এ ধরনের কোনো পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবে কি না কিংবা আদৌ চেষ্টা করবে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে এখনো বিতর্ক রয়েছে।

গোয়েন্দা তথ্যের বিষয়ে জানেন এমন সূত্রগুলো জানিয়েছে, ইরানের এই পরিকল্পনাকে তাৎক্ষণিক হামলার চেয়ে আপাতত নিজেদের হাতে বিভিন্ন ‘বিকল্প’ রাখার একটি চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে মার্কিন গোয়েন্দাদের হাতে আসা তথ্যগুলো খুবই সুনির্দিষ্ট, যার মধ্যে সুনির্দিষ্ট স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রশাসন জরুরি নিরাপত্তা প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেছেন, “যুক্তরাষ্ট্র সম্ভাব্য যেকোনো এবং সব ধরনের হুমকি পর্যবেক্ষণ করছে। তবে এই মুহূর্তে দেশটির মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানার মতো কোনো বিশ্বাসযোগ্য হুমকির প্রমাণ নেই।”

তবে মার্কিন কর্মকর্তাদের একাংশের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও অর্থনৈতিক অবরোধের মুখে তীব্র চাপে থাকা ইরান যে সংঘাত আরও বাড়িয়ে দিতে কতটা উন্মুখ, এই গোয়েন্দা তথ্য তারই ইঙ্গিত। শীর্ষ মার্কিন কর্মকর্তাদের দাবি, মার্কিন পদক্ষেপে ইরান মারাত্মক সংকটে পড়েছে। ফলে দেশটি এখন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের ভেতরেই হামলার সম্ভাব্য পরিকল্পনা সক্রিয়ভাবে আঁটছে। তবে তারা এখনই এমন হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে—এমন কোনো প্রমাণ মেলেনি।

এ বিষয়ে মার্কিন এক কর্মকর্তা বলেন, “পরিকল্পনা বাস্তবায়নের মতো জনবল সত্যিই তাদের প্রস্তুত রয়েছে কি না, সেটি এখনো বিতর্কের বিষয়।”

গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, এ যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে। কিন্তু এই নেপথ্য হুমকি প্রমাণ করছে যে যুদ্ধটি কতটা অনিশ্চিত ও জটিল হয়ে উঠেছে। মঙ্গলবার সিএনএনের এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটনে হামলা চালানো হলে ইরানকে এমন চড়া মূল্য দিতে হবে, ‘যা এর আগে কোনো দেশ কখনো দেয়নি।’ প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি।

এর আগে ইরানের পক্ষ থেকে আসা হুমকির পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে মার্কিন রাজস্বমন্ত্রী (ট্রেজারি সেক্রেটারি) স্কট বেসেন্টকে একটি সামরিক বাসভবনে সরিয়ে নেয় দেশটির সিক্রেট সার্ভিস।

কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, অপ্রচলিত অস্ত্রের হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বেশ ঝুঁকিপূর্ণ। ডার্টি বোমা তৈরি প্রচলিত সাধারণ বোমার মতোই সহজ, যেখানে বিস্ফোরকের ভেতরে তেজস্ক্রিয় উপাদান যুক্ত করে দেওয়া হয়। পারমাণবিক বোমার মতো এতে কোনো ফিশন বিক্রিয়া বা ব্যাপক ধ্বংসযজ্ঞ না হলেও এটি কয়েক মাইল পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়িয়ে দিতে পারে। 

একে নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্রের চেয়ে ‘সন্ত্রাস ছড়ানোর অস্ত্র’ হিসেবে গণ্য করা হয়। গোয়েন্দাদের একাংশের ধারণা, হামলা চালাতে ইরানকে বাইরে থেকে লোক পাঠাতে হবে না, যুক্তরাষ্ট্রে থাকা কাউকে দিয়েও তা করানো সম্ভব। এমনকি দেশটির ভেতরে আগে থেকেই পারমাণবিক বা রাসায়নিক উপকরণ মজুত রাখা হয়ে থাকতে পারে বলেও কর্মকর্তাদের অনেকে ধারণা করছেন।

যুক্তরাষ্ট্রের জন্য এ ধরনের ষড়যন্ত্র আগেভাগে শনাক্ত করার একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একটি নজরদারি আইন। বিদেশি নাগরিকদের ওপর নজরদারির এই গুরুত্বপূর্ণ আইনটির মেয়াদ গত জুনে শেষ হয়ে গেছে। অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ সম্প্রতি কংগ্রেসে চিঠি পাঠিয়ে আইনটি জরুরিভাবে পুনর্বহালের আহ্বান জানিয়েছেন।

এদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সেনাদের ওপর ইরান রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলেও অপর একটি গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে। কর্মকর্তাদের একটি সূত্র জানিয়েছে, এ ধরনের আক্রমণ প্রতিহত করার মতো পর্যাপ্ত প্রতিরক্ষামূলক সরঞ্জাম বা প্রশিক্ষণ মধ্যপ্রাচ্যে অবস্থানরত অনেক মার্কিন সেনার নেই। হরমুজ প্রণালি ও অর্থনৈতিক অবরোধ নিয়ে দুই দেশের কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যে এই নতুন গোয়েন্দা তথ্য সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।

তবে এসব অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে তেহরান। নিউইয়র্কে জাতিসংঘে ইরানের মিশন এক বিবৃতিতে জানিয়েছে, যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে পুরোপুরি অবৈধ মনে করে ইরান। এ সংক্রান্ত সব অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে প্রত্যাখ্যান করেছে তারা। এ ছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যারা যুদ্ধ শুরু করেছেন, তারা নিজেদের নতুন আগ্রাসন ও নৃশংসতার ন্যায্যতা প্রমাণের চেষ্টা করতেই এসব প্রচারণা চালাচ্ছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা