অধিকৃত পশ্চিম তীরে এক ইসরায়েলি দখলদারের গাড়িচাপায় আট ফিলিস্তিনি আহত হয়েছেন। ছবি: আনাদোলু
অধিকৃত পশ্চিম তীরে এক ইসরায়েলি দখলদারের গাড়িচাপায় আট ফিলিস্তিনি আহত হয়েছেন। এ ঘটনার পর এর সঙ্গে জড়িতদের কঠোর জবাবদিহি ও বিচারের দাবি জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত সোমবার পশ্চিম তীরের বেথলেহেমের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তুকু শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে আনাদোলু জানিয়েছে, ওই গাড়িচালক প্রথমে তিন তরুণকে চাপা দেন। এরপর আহতদের সাহায্য করতে অন্য ফিলিস্তিনিরা সেখানে জড়ো হলে ওই চালক গাড়ি ঘুরিয়ে এনে তাদের ওপর তুলে দেন। এতে আরও পাঁচজন আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আহত ব্যক্তিরা মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে ইসরায়েলি সেনারা উপস্থিত হয়।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে এবং এর জন্য ইসরায়েল সরকারকে সরাসরি দায়ী করেছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় অভিযোগ করেছে, ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হামলার মধ্যেও ইসরায়েলি কর্তৃপক্ষ দখলদারদের সুরক্ষা ও সমর্থন দিয়ে যাচ্ছে। এই হামলার মূল অপরাধীদের পাশাপাশি যারা এ ধরনের সহিংসতায় উসকানি দিচ্ছে কিংবা হামলাকারীদের রক্ষা করছে, তাদেরও জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান এবং দখলদারদের সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। এর অংশ হিসেবে ফিলিস্তিনিদের হত্যা, গ্রেপ্তার, ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া, কৃষিজমি ধ্বংস ও দখল এবং অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের ঘটনা ক্রমাগত বাড়ছে।