আল জাজিরা
প্রকাশ : ১৫ মিনিট আগে
২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (ডানদিকে) এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে কারাবন্দী তার স্ত্রী বুশরা বিবি (বামদিকে)। ফাইল ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের এবং তার স্ত্রী বুশরা বিবির জরুরি চিকিৎসার ব্যবস্থা করার জন্য দেশটির শীর্ষ আদালতের বিচারকদের কাছে একটি খোলা চিঠি লিখেছেন।
তার আইনজীবীর মাধ্যমে সোমবার চিঠিটি প্রকাশ করা হয়েছে।
আইনজীবী সালমান সফদার সোমবার ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডলে চিঠিটি পোস্ট করেন। তিনি এটিকে ‘চিকিৎসা সহায়তার জন্য মানবিক আবেদন’ হিসেবে বর্ণনা করেছেন। চলতি বছরের শুরুর দিকে অসুস্থ হওয়ার পর এটিই ইমরান খানের লেখা প্রথম চিঠি।
আইনজীবী জানান, ১১ নভেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে তিন ঘণ্টার বৈঠকের সময় তিনি এই চিঠির নির্দেশনাগুলো দিয়েছিলেন। চিঠিতে ইমরান খান উল্লেখ করেন, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাকে প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন কারাবাসে রাখা হয়েছে। ওই সময় তাদের বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার একটিতে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
চিঠিতে ইমরান খান জানান, তার ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ কমে গেছে। চিকিৎসকরা তাকে সতর্ক করে বলেছেন, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেইন হেমোরেজ) ও হৃদ্রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। তিনি বলেন, “আমি কখনোই চিকিৎসার অজুহাতে কোনো সুবিধা চাইনি, অসুস্থতাকে কৌশল হিসেবেও ব্যবহার করিনি।” তিনি আরও যোগ করেন, “আমি বিচারকদের কাছে কোনো অনুগ্রহ চাইছি না।”
ইমরান খান জানান, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে তাকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করে মেডিক্যাল বোর্ড দিয়ে পরীক্ষা করাতে হবে। কিন্তু সেই নির্দেশ আজও বাস্তবায়িত হয়নি। এর বদলে তাকে সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই আবার জেলে ফেরত পাঠানো হয়।
ইমরান খান তার স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, এপ্রিলে বুশরা বিবির রেটিনাল ডিটাচমেন্ট (চোখের পর্দা সরে যাওয়া) হয়েছিল এবং গোপনে তার একটি জটিল অস্ত্রোপচার করা হয়েছে। দ্রুত আরও একটি অস্ত্রোপচার না করা হলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে জানান ইমরান খান। বুশরা বিবির আইনজীবীরা সোমবার ইসলামাবাদ হাইকোর্টে তার পূর্ণাঙ্গ মেডিক্যাল রিপোর্ট চেয়ে আবেদন করেছেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা সৈয়দ জুলফিকার বুখারি আল-জাজিরাকে বলেন, ইমরান খান কোনো চুক্তির জন্য নয়, বরং ন্যায়বিচার ও মানবিক চিকিৎসার দাবিতেই এই চিঠি লিখেছেন।
লাহোরভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক হাবিব আকরাম বলেন, “তিনি (ইমরান) দয়া চাইছেন না, বরং জেল কোড অনুযায়ী তার যে মৌলিক অধিকার রয়েছে, সেটাই দাবি করছেন।” তবে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, অতীতে আদালতের নির্দেশগুলো যেহেতু বাস্তবায়ন করা হয়নি, তাই এই চিঠির ফলে ইমরান খানের অবস্থার খুব একটা পরিবর্তন হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
২০২২ সালের আগস্ট থেকে ইমরান খান কারাগারে আছেন। পিটিআইয়ের দাবি, তার বিরুদ্ধে আনা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।