এক্সপ্লেইনার
রয়্যাল অস্ট্রেলিয়ান নেভির তেল ও রসদ সরবরাহকারী জাহাজ ‘এইচএমএএস স্টলওয়ার্ট’ (এ৩০৪)-এর পাশাপাশি চলছে মার্কিন নৌবাহিনীর নিমিটজ-ক্লাসের বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ (সিভিএন ৭১)। ৪ নভেম্বর ২০২৬ তারিখে ছবিটি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড। ছবি: এএফপি / ন্যাভসেন্ট পাবলিক অ্যাফেয়ার্স / ইউএস নেভি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কূটনৈতিক প্রচেষ্টা যখন স্থবির হয়ে পড়েছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি (এয়ারক্রাফট ক্যারিয়ার) মোতায়েন করেছে ওয়াশিংটন।
গত সোমবার মার্কিন এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর মধ্য দিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় যুদ্ধজাহাজের সংখ্যা দাঁড়াল তিনটিতে।
এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের এক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। পরে জুনে একটি বিস্তৃত সমঝোতা স্মারক ঘোষণা করা হলেও জুলাইয়ের শুরুতে তা ভেঙে পড়ে। এরপর থেকে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে সর্বাত্মক আক্রমণ থেকে বিরত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, গত মার্চে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানির সঙ্গে আলোচনার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ওপর আর কোনো সামরিক হামলা চালানোর সম্ভাবনা ‘একেবারেই কম’ এবং যুদ্ধের সামরিক অধ্যায় ‘কার্যত শেষ’। তবে তিনি এ-ও হুঁশিয়ারি দেন যে পরিস্থিতি বদলে গেলে মার্কিন সামরিক বাহিনী যেকোনো মুহূর্তে আঘাত হানতে পুরোপুরি প্রস্তুত (লকড অ্যান্ড লোডেড) রয়েছে।
এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন রণতরি মোতায়েনের অর্থ কি এই যে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ আবারও পুরোদমে শুরু হতে যাচ্ছে?
ইউএসএস থিওডোর রুজভেল্ট কী ক্ষমতাসম্পন্ন?
যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের নামানুসারে নির্মিত এই যুদ্ধজাহাজটি মূলত পারমাণবিক শক্তিচালিত একটি বিমানবাহী রণতরি। ১৯৮৬ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হওয়া এই রণতরিতে ৫ হাজারের বেশি সেনা ও ক্রু এবং ৬০টিরও বেশি সামরিক বিমান পরিবহনের সক্ষমতা রয়েছে। যার মধ্যে সুপারসনিক ও সব ধরনের আবহাওয়ায় ব্যবহারে উপযোগী এফ-১৮ বহুমুখী যুদ্ধবিমানও অন্তর্ভুক্ত।
মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, এই যুদ্ধজাহাজের মূল কাজ হলো আকাশে যুদ্ধ পরিচালনা করা এবং বিমান বহরের বিভিন্ন স্কোয়াড্রনের পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও সমন্বয়ে সহায়তা করা। যুদ্ধ ছাড়াও সমুদ্রে অন্যান্য জাহাজে জ্বালানি ও রসদ সরবরাহ এবং শরণার্থীসহ বিপদাপন্ন মানুষদের উদ্ধারেও এটি ব্যবহৃত হয়।
কমিশনিংয়ের পর থেকেই যুদ্ধ ও মানবিক উভয় মিশনেই অংশ নিয়েছে এটি। ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় এটিকে ভূমধ্যসাগর ও লোহিত সাগরে মোতায়েন করা হয়েছিল। ২০০৩ সালের ইরাক যুদ্ধেও এটি মার্কিন বিমান হামলায় সহায়তা করে। এ ছাড়া ২০২০-২১ সালে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মোতায়েন ছিল রণতরি রুজভেল্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানান, সেপ্টেম্বরে সান দিয়েগো ঘাঁটি ত্যাগ করার পর গত ১৫ নভেম্বর জাহাজটি মধ্যপ্রাচ্যে এসে পৌঁছায়। তবে পেন্টাগন কিংবা মধ্যপ্রাচ্যের সামরিক কার্যক্রম পরিচালনাকারী সেন্টকম এখনো আনুষ্ঠানিকভাবে এর আগমনের বিষয়টি নিশ্চিত করেনি।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এখন কেমন?
ইউএসএস থিওডোর রুজভেল্ট যুক্ত হওয়ার পর মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী স্ট্রাইক গ্রুপ সক্রিয় রয়েছে। অপর দুটি রণতরি হলো ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ ও ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’।
গত মাসে আরেক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, থিওডোর রুজভেল্টের পথ ধরে ২ হাজার মেরিন সেনাসহ ‘ম্যাকিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ’ও (এআরজি) মধ্যপ্রাচ্যে এসেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই নৌ ও স্ট্রাইক গ্রুপ মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ৯ থেকে ১০ হাজার মার্কিন সেনা, নাবিক ও মেরিন যুক্ত হতে পারে। তবে মার্কিন সামরিক বাহিনী এখনো এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে বাহরাইন, মিসর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের আটটি স্থায়ী ঘাঁটি রয়েছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও এর আশপাশে যুক্তরাষ্ট্রের ৪০ থেকে ৫০ হাজার সেনা মোতায়েন ছিল।
উন্মুক্ত গোয়েন্দা তথ্য ও সামরিক ফ্লাইট ট্র্যাকিং উপাত্ত অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ওই অঞ্চলে ১২০টিরও বেশি সামরিক বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান শক্তির সমাবেশ। এর মধ্যে রয়েছে ই-৩ সেন্ট্রি আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (আওয়াক্স) বিমান, এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান, এফ-২২ এয়ার সুপিরিওরিটি জেট এবং এফ-১৫ ও এফ-১৬ বিমান।
গত মার্চেও পারস্য উপসাগরে অতিরিক্ত সেনা পাঠানোর নির্দেশ দিয়েছিল পেন্টাগন। এই অতিরিক্ত শক্তির মধ্যে ছিল তিনটি পৃথক দল:
১. ইউএসএস ত্রিপোলি ও ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিট (এমইইউ) সমন্বিত ‘ত্রিপোলি এআরজি’।
২. ইউএসএস বক্সার ও ১১তম এমইইউ সমন্বিত ‘বক্সার এআরজি’। (এই দুটি মেরিন গ্রুপ অঞ্চলে অতিরিক্ত ৪ হাজার ৫০০ সেনা ও নাবিক যুক্ত করেছে)।
৩. নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগভিত্তিক ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ২ হাজার প্যারাশুট সেনা।
সব মিলিয়ে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে প্রায় ৭ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের প্রতিক্রিয়া কী?
ইরানের আন্তর্জাতিক ও আইনিবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিবাবাদি সাফ জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের আগে হামলার জন্য অপেক্ষা করবে না। তিনি বলেন, “কূটনীতির অপব্যবহার করে যুক্তরাষ্ট্র হয়তো সময়ক্ষেপণ করছে, যাতে তারা আরেকটি হামলার ক্ষেত্র প্রস্তুত করতে পারে।”
ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত ভিডিওতে গারিবাবাদি সতর্ক করে বলেন, “ইরান কিউবা নয় যে একে অবরুদ্ধ করা যাবে, আবার ভেনেজুয়েলাও নয় যে আত্মসমর্পণ করতে বাধ্য করা যাবে।” তিনি দাবি করেন, ইরানে আকাশ বা স্থলপথের কোনো অবরোধেই মার্কিন বাহিনী সফল হতে পারেনি। এর মধ্যেই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ‘নতুন পাল্লার’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
এদিকে, আঞ্চলিক জ্বালানি সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসলামাবাদে ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ইসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তার ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের প্রভাব বাড়ছে। ফলে স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত ও ভূরাজনৈতিক ধাক্কা মোকাবিলায় অঞ্চলের নিজস্ব স্বাধীন নিরাপত্তা কাঠামো এবং টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা এখন কৌশলগত জরুরি প্রয়োজনে পরিণত হয়েছে।
যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থান
চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ কার্যকর প্রমাণিত হচ্ছে, ফলে বড় আকারের সামরিক অভিযান শুরু করার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, “ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও মারাত্মক রূপ নেবে।”
তবে যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে মিশ্র বার্তা দেখা গেছে। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করেন, সংঘাত বন্ধের দিকে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে এবং নতুন করে হামলার সম্ভাবনা ‘একেবারেই কম’। তার মতে, এই যুদ্ধ কার্যত শেষ।
তবে ট্রাম্প এ-ও স্পষ্ট করেছেন যে হরমুজ প্রণালির নৌ অবরোধ এবং কাস্পিয়ান সাগর ও স্থলপথে ইরানের বাণিজ্য বন্ধে সম্প্রতি গঠিত টাস্কফোর্সসহ সব ধরনের অর্থনৈতিক চাপ বহাল থাকবে।
অন্যদিকে যুদ্ধ শেষ করতে ইরানের শর্তগুলো হলো—ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে থাকা অর্থ ছাড়, সব ফ্রন্টে সংঘাত বন্ধ এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তির ঘোষণা।
তেহরানের কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, তারা ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অচলাবস্থা মেনে নেবেন না।
কূটনৈতিক অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প সম্প্রতি তার প্রধান মধ্যস্থতাকারী ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে বলেছেন, “ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। তাদের শত শত বিলিয়ন ডলার এখন আমাদের হাতে এবং তাদের প্রণালিও এখন আমাদের নিয়ন্ত্রণে!”
কূটনীতি কি কাজ করবে, নাকি সংঘাত অনিবার্য?
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির উপপরিচালক আলী ভায়েজ সংবাদমাধ্যমকে বলেন, উভয় পক্ষই এখন একটি চরম বিপজ্জনক খেলায় (গেম অব চিকেন) লিপ্ত। প্রত্যেকেই ভাবছে, বসে থেকে হামলার শিকার হওয়ার চেয়ে আগেভাগে আক্রমণ চালানোই হয়তো বেশি নিরাপদ।
তিনি সতর্ক করে বলেন, “আরেকটি যুদ্ধ ঠেকানোর প্রচেষ্টাই অনিচ্ছাকৃতভাবে এমন এক সর্বাত্মক যুদ্ধের সূচনা করতে পারে, যা কারও পক্ষেই জয়লাভ করা, নিয়ন্ত্রণে রাখা কিংবা সহজে শেষ করা সম্ভব হবে না।”
আলী ভায়েজ আরও বলেন, “কূটনীতির স্পন্দন এখনো টিকে আছে, তবে তা পারস্পরিক অবিশ্বাস এবং অনমনীয় দাবির চাপে দমবন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম। উভয় পক্ষ যদি একটি সম্মানজনক পথ খুঁজে না পায়, তবে আলোচনা স্রেফ দুটি যুদ্ধের মধ্যবর্তী সামান্য বিরতি হয়েই থাকবে।”
সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি রিসার্চের ভাইস প্রেসিডেন্ট রশিদ আল-মোহানাদি সংবাদমাধ্যমকে জানান, সংঘাত কীভাবে এবং কখন শেষ হবে, তা নির্ভর করছে উভয় পক্ষের দর-কষাকষির ক্ষমতার ওপর। আঞ্চলিক শক্তিগুলো কোনোভাবেই নতুন করে যুদ্ধ চায় না বলেই তারা মধ্যস্থতা করছে। কিন্তু সংঘাতের মূল দুই পক্ষই নিজেদের অবস্থানকে বেশি শক্তিশালী মনে করছে।
তিনি বলেন, “ইরানিরা মনে করছে তাদের দর-কষাকষির ক্ষমতা বেশি, আবার আমেরিকানরাও ভাবছে তাদের অবস্থান বেশি শক্তিশালী। পরিস্থিতি যখন এমন দাঁড়ায়, তখন কূটনৈতিক সমাধান অর্জন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।”